নাম ভাঁড়িয়ে প্রেমের ফাঁদ! নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, হাওড়ায় গ্রেপ্তার যুবক

ডেটিং অ্যাপে ভুয়া পরিচয় দিয়ে এক যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন সহবাস এবং নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার গুরুতর অভিযোগে হাওড়া থেকে শেখ ফারহাদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৩ সালে ডোমজুড়ের এক জুয়েলারি ব্যবসায়ীর সঙ্গে বরানগরের ওই যুবতীর পরিচয় হয়। নিজেকে রাজীব রায় হিসেবে পরিচয় দিয়ে অভিযুক্ত যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শহরের বিভিন্ন হোটেল ও গোয়ায় নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ।
সম্পর্কের একপর্যায়ে যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোড় করে দু’বার তাঁর গর্ভপাত করানো হয় বলে দাবি উঠেছে। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে যুবতী প্রতিবাদ করলে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে ডোমজুড় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হওয়ার পর মঙ্গলবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়েছে এবং ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।