‘পদত্যাগ না করলে গদি ছাড়তে হবে! জ্ঞানেশ কুমারকে সরাতে ১০ অক্টোবর দিল্লির পথে CJP’ – এক ঝলক

একঝলক ডেস্ক:
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এ অনিয়মের গুরুতর অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করল ককরোচ জনতা পার্টি (CJP)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে দেশজোড়া প্রতিবাদ আন্দোলন শুরু হবে। এর আগে মুম্বইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে পুলিশের বাধা উপেক্ষা করে হাজার হাজার মানুষের জমায়েত ও প্রতিবাদ সভার পর এই কড়া আলটিমেটাম দেওয়া হয়েছে।
CJP-র দাবি, এর আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যন্তর মন্তরে এক মাসব্যাপী আন্দোলনের জেরে তৎকালীন শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছিল তারা। এবার একই কায়দায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বৃহত্তর লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে। দীপকে স্পষ্ট জানিয়েছেন যে এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও মহাত্মা গান্ধীর পন্থায় হবে। তবে গত ২০ জুলাইয়ের মতো পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পুনরাবৃত্তি হলে কঠোর পরিণতি হতে পারে বলে সরকার ও প্রশাসনকে সতর্ক করেছে দলটি।