পুজোর আগেই রাজ্যের দেড় লক্ষ শ্রমিকের জন্য সুখবর! ১৯% পর্যন্ত বোনাস ঘোষণা

দুর্গাপুজোর আগেই রাজ্যের শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য বিরাট সুখবর। স্পঞ্জ আয়রন, ফেরো-অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস এবং রোলিং মিল শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য পুজো বোনাস এবং এক্স-গ্রেশিয়া দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হলো। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় দেড় লক্ষ শ্রমিক সরাসরি উপকৃত হবেন।
শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের নির্দেশ ও তত্ত্বাবধানে সম্প্রতি আসানসোলে যুগ্ম শ্রম কমিশনারের দফতরে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, শ্রমিকদের প্রকৃত মজুরির ভিত্তিতে চলতি অর্থবর্ষে ১৪ শতাংশ থেকে ১৯ শতাংশ পর্যন্ত পুজো বোনাস দেওয়া হবে। এর পাশাপাশি, শ্রমিকরা সর্বোচ্চ ১,১০০ টাকা পর্যন্ত এক্স-গ্রেশিয়াও পাবেন। পুজোর ঠিক আগে এই চুক্তির ফলে শ্রমিক মহলে খুশির হাওয়া।
চা-শ্রমিকদের জন্যও সুখবর: শুধু শিল্পাঞ্চলই নয়, চা-বাগানের শ্রমিকদের মুখেও হাসি ফুটিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘ফাউলই’ (FAWLOI) প্রকল্পের মাধ্যমে বন্ধ চা-বাগানের শ্রমিকদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে চা-শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। এর ফলে বন্ধ চা-বাগানগুলি ফের খোলার বিষয়ে নতুন করে আশায় বুক বাঁধছেন শ্রমিকরা।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বোনাস কবে? রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যেও দশেরার আগে বার্ষিক বোনাস নিয়ে জল্পনা শুরু হয়েছে। আগামী ২০ অক্টোবর দশেরা। কর্মী সংগঠনগুলির আশা, অক্টোবরের প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বোনাস সংক্রান্ত কোনও বড় ঘোষণা হতে পারে।