দামি গাড়ি চড়ে ভুয়ো UPI পেমেন্ট! সোনারপুরের গহনার দোকানে হাতেনাতে ধরা পড়ল ‘সুন্দরী’ প্রতারক

দামি গাড়ি চড়ে ভুয়ো UPI পেমেন্ট! সোনারপুরের গহনার দোকানে হাতেনাতে ধরা পড়ল ‘সুন্দরী’ প্রতারক

গায়ের রং ফর্সা, চুলে আধুনিক রং, চোখে চশমা, হাতে দামি ঘড়ি আর আঙুল ভর্তি অলঙ্কার— শুক্রবার সকাল ১০টা নাগাদ একটি বিলাসবহুল গাড়ি থেকে নেমে সোনারপুর চৌহাটির এন এস বোস রোডের ‘আশা জুয়েলার্স’-এ প্রবেশ করেন বছর ৩৭-এর এক মহিলা। চালচলন ও কথাবার্তায় তাঁকে অত্যন্ত সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারের মনে হওয়ায় বিন্দুমাত্র সন্দেহ করেননি দোকানের কর্মচারীরা।

পছন্দমতো প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না বেছে নেওয়ার পর ওই মহিলা জানান, তিনি UPI-এর মাধ্যমে বিলের টাকা মেটাবেন। কিছুক্ষণের মধ্যেই নিজের মোবাইল ফোনে ‘পেমেন্ট সাকসেসফুল’ লেখা একটি মেসেজ কর্মচারীদের দেখান তিনি। তবে জুয়েলারির কর্ণধার সাগর পালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা জমা না পড়ায় সন্দেহ দানা বাঁধে। খবর পেয়ে দোকানের মালিক এসে উপস্থিত হন এবং ভালো করে খতিয়ে দেখতেই ফাঁস হয়ে যায় আসল রহস্য।

দোকান মালিক সাগর পাল চিনতে পারেন, প্রায় এক বছর আগে একই কায়দায় এই মহিলাই তাঁদের দোকান থেকে কয়েক লক্ষ টাকার অলঙ্কার হাতিয়ে চম্পট দিয়েছিলেন। পুরোনো প্রতারককে চিনতে পেরে তাঁকে আটকে রেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। সোনারপুর থানার পুলিশ পৌঁছানোর আগেই নরেন্দ্রপুর থানার পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে আটক করে নিয়ে যায়। চটকদার পোশাক ও বিলাসবহুল জীবনের আড়ালে এমন অভিনব প্রতারণার ঘটনায় ব্যবসায়ী মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *