জাল ডিসিআর কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন বিএলআরও, টুলু মণ্ডল মামলায় চাঞ্চল্যকর মোড় – এক ঝলক

একঝলক ডেস্ক:
বীরভূমের বহুচর্চিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল সংক্রান্ত মামলায় পুলিশের জালে ধরা পড়লেন তৎকালীন মহম্মদবাজারের প্রাক্তন বিএলআরও সব্যসাচী দত্ত। বর্তমানে ঝাড়গ্রামের অ্যাডিশনাল ডিরেক্টর অফ ল্যান্ড পদে কর্মরত এই আধিকারিককে সিউড়ি থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শনিবার গভীর রাতে গ্রেপ্তার করে পুলিশ। একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া এবং বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। রবিবার তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
তদন্তকারীদের দাবি, ভূমি দপ্তরের আগে গ্রেপ্তার হওয়া দুই কর্মী টুলুর লোকজনকে জাল ডিসিআর তৈরির নথি দিতেন, যার নেপথ্যে সবুজ সংকেত দিতেন সব্যসাচী বাবু স্বয়ং। যদিও আসামিপক্ষের আইনজীবীর প্রশ্ন, যিনি পূর্বে নকল ডিসিআরের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন, তাঁকেই কেন গ্রেপ্তার করা হলো। সরকারি আইনজীবীর মতে, মামলায় প্রভাবশালী ও বড় মাথাদের যোগসাজশের বিষয়টি ক্রমেই স্পষ্ট হচ্ছে। এবার একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক ধরা পড়ায় আগামী দিনে আরও বড় কোনো নাম সামনে আসে কি না, সেদিকেই নজর সকলের।