বাম নেতার বিস্ফোরক মন্তব্যের পাল্টা দাওয়াই! সিপিএম কার্যালয়ের সামনে হনুমান চালিশা পাঠ বজরং দলের – এক ঝলক

একঝলক ডেস্ক:
বাম নেতা স্বপন বন্দ্যোপাধ্যায়ের এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাঁকুড়া সদর এলাকায়। সম্প্রতি এক সভায় সিপিআই-এর রাজ্য সম্পাদক মন্তব্য করেছিলেন, “হনুমান চালিশা পড়ে হনুমানরা, আমরা মার্কসবাদ ও লেনিনবাদ পড়ি।” সনাতন ধর্ম ও বিশ্বাসকে কটাক্ষ করার অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদে সরব হয়েছে বজরং দল। হিন্দুধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় বাঁকুড়া জেলা সিপিএম কার্যালয়ের সামনে সরাসরি হনুমান চালিশা পাঠের আয়োজন করেন বজরং দলের সমর্থকেরা।
প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি বাম নেতৃত্বের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বজরং দলের পক্ষ থেকে বাপ্পা দাস জানান, বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তারা উপযুক্ত ‘ওষুধ’ প্রয়োগ করবেন। বজরং দলের দাবি এটি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিবাদ হলেও, ‘ওষুধ’ দেওয়ার এই মন্তব্যকে রাজনৈতিক মহলের একাংশ প্রত্যক্ষ হুমকি হিসেবেই দেখছে। তাদের অভিযোগ, ধর্মীয় আবেগকে উসকে দিয়ে এভাবে ভাষা প্রয়োগ করা এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র জেলায় চরম রাজনৈতিক শোরগোল পড়েছে।