সুপ্রিম কোর্টের অন্দরে নজিরবিহীন বিতর্ক, প্রকাশ্যে সহকর্মীর বিরুদ্ধে তোপ দেগে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন প্রধান বিচারপতির!

নির্বাচন কমিশন পরিচালিত এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি উজ্জ্বল ভূঁঞার সাম্প্রতিক একটি বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গভই। সম্প্রতি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে বিচারপতি ভূঁঞা মন্তব্য করেন যে, লক্ষ লক্ষ নাগরিকের ভোটাধিকার হরণকারী যে কোনো প্রক্রিয়াই স্বেচ্ছাচারী এবং কোনো আদালতই তা সমর্থন করতে পারে না। তবে এই প্রক্রিয়ার বিরুদ্ধে চলা মামলার শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায়, আদালতের বাইরে কর্মরত একজন বিচারপতির এমন মন্তব্যকে চরম এক্তিয়ার বহির্ভূত এবং বিচারবিভাগীয় শিষ্টাচারের পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রধান বিচারপতি গভই পরিষ্কার জানান যে, বিচারাধীন বিষয় নিয়ে বাইরে প্রকাশ্যে মন্তব্য করা সুপ্রিম কোর্টের নিয়ম ও ঐতিহ্যের পরিপন্থী। তাঁর এই অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দিল্লি হাইকোর্টের দুই প্রাক্তন বিচারপতি এসএন ধিংড়া এবং আরস সোধিও। তাঁদের মতে, কর্মরত কোনো বিচারপতি কোনো অবস্থাতেই দেশের সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে এমন কোনো মন্তব্য করতে পারেন না যা বিচারাধীন প্রক্রিয়াকে প্রভাবিত করে। সুপ্রিম কোর্টের দুই শীর্ষ বিচারপতির মধ্যে মতাদর্শগত এই নজিরবিহীন সংঘাতের ঘটনাটি দেশের আইনি ও রাজনৈতিক অঙ্গনে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে।