রাস্তা থেকে নামীদামি গাড়িতে গরু চুরির ছক, বাসিন্দাদের পাঠানো ভিডিওতে পর্দা ফাঁস আন্তঃরাজ্য গ্যাংয়ের!

রাস্তা থেকে নামীদামি গাড়িতে গরু চুরির ছক, বাসিন্দাদের পাঠানো ভিডিওতে পর্দা ফাঁস আন্তঃরাজ্য গ্যাংয়ের!

পুরুলিয়ায় চার চাকা বিলাসবহুল গাড়িতে করে গরু পাচারের এক অভিনব ও আন্তঃরাজ্য চক্রের পর্দা ফাঁস করল জেলা পুলিশ। ইনোভা, স্করপিও কিংবা বোলেরোর পিছনের সিট খুলে মাসখানেক ধরে রাস্তা ও বাড়ি থেকে গরু চুরি করে পাচার করছিল ঝাড়খণ্ডের একটি গ্যাং। স্থানীয় বাসিন্দারা সজাগ হয়ে রাস্তা থেকে গরু তুলে নেওয়ার ভিডিও ফুটেজ পুলিশকে পাঠালে শুরু হয় জোরদার তদন্ত। এই ভিডিও সুসূত্র ধরেই আড়শা, বরাবাজার, বলরামপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল পান্ডা মহম্মদ কবির হুসেন এবং পুরুলিয়ার স্থানীয় লিংকম্যানসহ মোট ৭ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) ও স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ পরিচালনায় পরিচালিত এই অভিযানে পাচারকারীদের কাছ থেকে ৬টি গরু এবং পাচারে ব্যবহৃত ৬টি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলির চারটিতে কোনো নম্বর প্লেট ছিল না এবং বাকি দুটিতে ছিল ভুয়ো নম্বর। পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ জানান, সচেতন বাসিন্দাদের পাঠানো ভিডিও ফুটেজই এই বড় সাফল্য এনে দিয়েছে। ধৃতদের মধ্যে ৬ জন ঝাড়খণ্ডের চাণ্ডিল এলাকার এবং ১ জন পুরুলিয়ার কসাই মহল্লার বাসিন্দা। বাজেয়াপ্ত গাড়িগুলির চেসিস নম্বর পরীক্ষা করে পুরো চক্রের শিকড়ে পৌঁছাতে তদন্ত জারি রেখেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *