দিল্লির রামলীলা ময়দানে গর্জাবেন মমতা! ভোট চুরির প্রতিবাদে ‘ঐক্যবদ্ধ’ হওয়ার ডাক

ভোট লুটের মারাত্মক অভিযোগে এবার রাজধানী দিল্লিতে সোচ্চার হতে চলেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র শীর্ষ নেতারা। আগামী ১ নভেম্বর ঐতিহাসিক রামলীলা ময়দানে আয়োজিত এই সুবিশাল প্রতিবাদ কর্মসূচিতে ভাষণ দেবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের ছাত্র, যুব, মহিলা ও সমাজের বিশিষ্ট মানুষদের এই প্রতিবাদে সামিল হওয়ার খোলা আহ্বান জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ভোটাধিকার যেখানে হরণের মুখে, সেখানে চুপ না থেকে সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সর্বস্তরের মানুষকে এবার একসঙ্গে রাজপথে নামতে হবে।
মূলত নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ ও সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন জোরাল করছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, বিজেপিকে সুবিধা দিতে কমিশন সম্পূর্ণ একপেশে ভূমিকা পালন করেছে। পূর্বে একাধিকবার পুলিশি বাধার মুখে পড়লেও রাহুল গান্ধী ও অন্য বিরোধী নেতারা পিছু হটেননি। ১ নভেম্বরের কর্মসূচিতে যোগ দিচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’-ও। বাংলাসহ পুরো দেশের জনগণের ভোটাধিকার রক্ষায় এই লড়াইকে চূড়ান্ত রূপ দিতেই এখন রামলীলা ময়দানের দিকে নজর রাজনৈতিক মহলের।