কালীপুজোর মুখেও জঞ্জালের স্তূপে ঢাকা নৈহাটি, উৎসবের আনন্দ কি মাটি হবে?

বকেয়া বেতন পেলেন নৈহাটির সাফাইকর্মীরা, পুরশহরে এখনও জঞ্জাল সমস্যা
নৈহাটি: দীর্ঘ টানাপোড়েনের পর নৈহাটি পুরসভার সাফাইকর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। তবে বেতন মেটানো হলেও শহরের জঞ্জাল সমস্যা এখনও পুরোপুরি সমাধান হয়নি। বিভিন্ন এলাকায় এখনও জঞ্জাল জমে থাকার অভিযোগ উঠছে।
বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পালাবদলের জেরে নৈহাটি পুরসভার ক্ষমতা হাতবদল হয়। সেই সময় তৎকালীন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় পুরসভা চত্বরে হেনস্তার শিকার হন। বর্তমানে পুর প্রশাসক বোর্ডের মাধ্যমেই চলছে পুরসভার কাজকর্ম। এই প্রশাসনিক পরিবর্তনের আবহে সাফাইকর্মীদের বেতন বকেয়া পড়ে গিয়েছিল। বকেয়া বেতনের দাবিতে কর্মীরা পুরসভার গেটে বিক্ষোভও প্রদর্শন করেন। সম্প্রতি সেই বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হলেও, শহরের জঞ্জাল ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ রয়েই গিয়েছে।
শহরের বিভিন্ন এলাকায় জঞ্জাল জমে থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমি বিষয়টি শুনেছি যে কয়েকটি জায়গায় জঞ্জাল সাফাই হচ্ছে না। আমি নিজে বিষয়টি খতিয়ে দেখছি। পুজোর আগেই শহরকে পুরোপুরি পরিষ্কার করে ফেলা হবে।”
এদিকে, আসন্ন কালীপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে শহরের সমস্ত পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিধায়ক। বৈঠকে উৎসবের দিনগুলিতে নির্বিঘ্নে পুজো পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।