নির্বাচন কমিশনারদের আজীবন আইনি সুরক্ষা কেন? সুপ্রিম কোর্টের তোপে মোদী সরকার!

নির্বাচন কমিশনারদের আজীবন আইনি সুরক্ষা কেন? সুপ্রিম কোর্টের তোপে মোদী সরকার!

 

নির্বাচন কমিশনারদের ‘আজীবন দায়মুক্তি’: কেন্দ্র ও নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা তলব সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদন: মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের চাকরির শর্ত সংক্রান্ত নতুন আইনের একটি বিতর্কিত ধারাকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার প্রেক্ষিতে কেন্দ্র সরকার ও ভারতের নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা তলব করেছে সুপ্রিম কোর্ট।

‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (নিয়োগ, চাকরির শর্তাবলী এবং কার্যকাল) আইন, ২০২৩’-এর ১৬ নম্বর ধারায় কমিশনারদের যে বিশেষ ‘দায়মুক্তি’ বা ইনডেমনিটি দেওয়া হয়েছে, তা নিয়ে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। এই বিধান অনুযায়ী, দায়িত্ব পালনকালে গৃহীত কোনো সিদ্ধান্তের জন্য মুখ্য নির্বাচন কমিশনার কিংবা অন্য কমিশনারদের বিরুদ্ধে তাঁদের জীবদ্দশায় কোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। এমনকি অবসর গ্রহণের পরেও এই আইনি সুরক্ষা বহাল থাকবে।

এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আরজেডি সাংসদ মনোজ ঝা এবং আইনজীবী অরুণ কুমার আগরওয়াল সুপ্রিম কোর্টে একটি যৌথ মামলা দায়ের করেন। মামলাকারীদের অভিযোগ, এই বিধান নির্বাচন কমিশনের জবাবদিহিতা হ্রাস করবে এবং কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করবে। তাঁদের মতে, এটি সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী।

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনটি গ্রহণ করে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে তাদের লিখিত অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, এই হাই-প্রোফাইল মামলাটির পরবর্তী শুনানি আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আইন ও রাজনৈতিক মহলের অভিমত, এই আইনের মাধ্যমে নির্বাচন কমিশনারদের যে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে, তা প্রশাসনিক স্বচ্ছতা ও ন্যায়বিচারের পরিপন্থী কি না, তা নিয়ে শীর্ষ আদালতের চূড়ান্ত পর্যবেক্ষণই হবে আগামী দিনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *