আইন পড়ার বয়সসীমা নিয়ে বড় সিদ্ধান্ত, এবার যে কোনো বয়সেই শুরু করুন ওকালতি!

আইন পড়ার বয়সসীমা নিয়ে বড় সিদ্ধান্ত, এবার যে কোনো বয়সেই শুরু করুন ওকালতি!

 

ল কোর্সে ভর্তির সর্বোচ্চ বয়সসীমা তুলে নিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদন: দেশের ল কোর্সে ভর্তির ক্ষেত্রে এতদিন যে সর্বোচ্চ বয়সসীমার বিধিনিষেধ ছিল, তা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই)। শুক্রবার সুপ্রিম কোর্টে এক শুনানিকালে বিসিআই-এর পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বিসিআই-এর এই প্রস্তাব রেকর্ডভুক্ত করেছে এবং সংশ্লিষ্ট আবেদনের নিষ্পত্তি করেছে। এর ফলে এখন থেকে যে কোনো বয়সের শিক্ষার্থীই আইনি পড়াশোনার জন্য ল কলেজে ভর্তি হতে পারবেন।

দীর্ঘদিন ধরে চলা আইনি বিতর্কের অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে ৫ বছরের ল কোর্সে ভর্তির জন্য সর্বোচ্চ বয়সসীমা ছিল ২২ বছর এবং ৩ বছরের কোর্সের ক্ষেত্রে তা ছিল ৪৫ বছর। এই নিয়ম নিয়ে দেশজুড়ে বিভিন্ন স্তরে আপত্তি উঠেছিল। মামলাকারীদের প্রশ্ন ছিল, বিসিআই আইন শিক্ষার মান নির্ধারণ করতে পারলেও, ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা চাপিয়ে দেওয়ার আইনি অধিকার রাখে কি না।

গত সেপ্টেম্বরে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ বিসিআই-এর কাছে কঠোর ব্যাখ্যা চেয়েছিল। সেই সময় বিসিআই যুক্তি দিয়েছিল যে, ৫ বছরের ল কোর্সগুলি মূলত আবাসিক (রেসিডেনশিয়াল) হওয়ার কারণেই বয়সের বিধিনিষেধ রাখা হয়েছে। কিন্তু আদালত এই যুক্তি সরাসরি খারিজ করে দেয়। আদালত স্পষ্ট জানায়, সব ৫ বছরের ল কোর্স আবাসিক নয়, উদাহরণস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ৫ বছরের কোর্সের কথা উল্লেখ করা হয়। আদালতের কড়া অবস্থানের প্রেক্ষিতেই বিসিআই তাদের আগের অবস্থান থেকে সরে এসে বয়সসীমা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে আইনি পেশায় যুক্ত হতে ইচ্ছুক বয়স্ক শিক্ষানুরাগী ও কর্মজীবী ব্যক্তিদের জন্য ল কলেজে ভর্তির নতুন দ্বার উন্মোচিত হলো। শীঘ্রই এই নিয়ম দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *