রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মূল অভিযুক্তের মৃত্যু এনকাউন্টারে!

রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযুক্তের মৃত্যু পুলিশের এনকাউন্টারে
রায়গঞ্জ: নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনার মূল অভিযুক্ত দিলীপ রায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। সোমবার ভোরে রায়গঞ্জের বাংলা-বিহার সীমান্ত এলাকায় এই এনকাউন্টারের ঘটনা ঘটে। এই নিয়ে গত কয়েক মাসে রাজ্যে পুলিশি এনকাউন্টারে মোট চার জন অভিযুক্তের মৃত্যুর ঘটনা ঘটল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ১২ বছর বয়সী এক নাবালিকা। বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের কুলিকের আব্দুলঘাটা ফরেস্ট এলাকা থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দিলীপ রায়ের জড়িত থাকার প্রমাণ পায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল।
রবিবার রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায়, দিলীপ বিহারে পালানোর উদ্দেশ্যে সীমান্ত এলাকায় গা ঢাকা দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে রায়গঞ্জ থানার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের দাবি, ঘটনাস্থলে পৌঁছাতেই অভিযুক্ত দিলীপ পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পুলিশের গাড়ির টায়ারসহ বিভিন্ন স্থানে গুলি লাগে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে অভিযুক্ত গুরুতর জখম হয়। দ্রুত তাকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এই এনকাউন্টারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, গত জুলাই মাসে বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত প্রভাস মণ্ডল, অক্টোবরে গাইঘাটায় নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত প্রহ্লাদ দাস এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনে অভিযুক্ত সামাউল হক পুলিশের গুলিতে নিহত হয়। একের পর এক এনকাউন্টারের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চর্চা ও বিতর্ক তৈরি হয়েছে।