বাজির দাপটে তিলোত্তমা কাঁপছে! নিয়ম ভেঙে গ্রেফতার প্রায় ৬০০ জন!

উৎসবের রাতে শহরে ধরপাকড়: নিষিদ্ধ বাজি ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ধৃত কয়েকশো
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: উৎসবের রাতে আইন অমান্য ও বিধিভঙ্গের অভিযোগে কলকাতা পুলিশের অভিযানে মোট ৫৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিষিদ্ধ শব্দবাজি পোড়ানোর অভিযোগে ২০৫ জন এবং অসংযত আচরণের দায়ে ৩৮৭ জনকে পাকড়াও করেছে পুলিশ। পাশাপাশি, ট্রাফিক আইন ভাঙার অভিযোগে দায়ের হয়েছে ৫৯৩টি মামলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উৎসবের রাতে শহরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মোট ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি ও ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী, উৎসবের রাতে শুধুমাত্র পরিবেশবান্ধব ‘গ্রিন ক্র্যাকার’ পোড়ানোর অনুমতি ছিল। তবে সেই নির্দেশিকা উপেক্ষা করে শহরের বিভিন্ন প্রান্তে গভীর রাত পর্যন্ত শব্দবাজির তাণ্ডব চলেছে বলে অভিযোগ।
ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধেও কলকাতা ট্রাফিক পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে। হেলমেট ছাড়া বাইক চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বেপরোয়া গতির অভিযোগে মোট ৫৯৩ জন চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে উৎসবের রাতে শহরজুড়ে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।