এনভিডিয়া চিপ নিয়ে বড়সড় জালিয়াতি? ৪০,০০০ কোটির রহস্যে শিউরে ওঠা তথ্য ফাঁস!

এনভিডিয়া চিপ নিয়ে বড়সড় জালিয়াতি? ৪০,০০০ কোটির রহস্যে শিউরে ওঠা তথ্য ফাঁস!

 

এনভিডিয়া ও মেগাস্পিড নিয়ে তোলপাড় বিশ্ব প্রযুক্তি জগৎ: চিনা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব প্রযুক্তি মহলে বড়সড় বিতর্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়া (Nvidia) এবং এআই ক্লাউড কম্পিউটিং সংস্থা ‘মেগাস্পিড’-কে কেন্দ্র করে। মেগাস্পিডের প্রাক্তন শীর্ষ আধিকারিক অ্যালিস হুয়াং এবং এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং-এর মধ্যকার সম্পর্ক নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ প্রকাশ করেছে। অভিযোগ উঠেছে, এই সম্পর্কের আড়ালে চিনের হয়ে তথ্য সংগ্রহ ও নিষিদ্ধ এআই চিপ পাচারের কাজ চলছে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের নভেম্বর মাসের মধ্যে মেগাস্পিড প্রায় ৪.৬ বিলিয়ন ডলার (প্রায় ৪০,৪৮০ কোটি টাকা) মূল্যের এনভিডিয়া হার্ডওয়্যার আমদানি করেছে। অথচ, আশ্চর্যজনকভাবে মাত্র ৫০ কোটি টাকার নগদ অর্থ নিয়ে যাত্রা শুরু করা এই সংস্থার এত বিপুল পরিমাণ বিনিয়োগের উৎস নিয়ে গভীর রহস্য তৈরি হয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক সংস্থা মেগাস্পিড মূলত এআই মডেল তৈরির জন্য প্রয়োজনীয় শক্তিশালী প্রসেসর ও ডেটা সেন্টার ভাড়ায় দেওয়ার কাজ করে। তাদের প্রযুক্তিসঙ্গী হিসেবে এনভিডিয়া, ইনটেল এবং গিগাবাইটের নাম যুক্ত রয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ‘হুয়াং লে লিমিটেড’ নামক একটি চিনা গেমিং সংস্থার কাছ থেকে মালিকানা পরিবর্তনের মাত্র চার দিনের মাথায় মেগাস্পিড এনভিডিয়ার ‘ক্লাউড পার্টনার’ হিসেবে স্বীকৃতি পায়, যা মার্কিন গোয়েন্দাদের সন্দেহের অন্যতম কারণ।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, অ্যালিস হুয়াংয়ের মাধ্যমে এনভিডিয়ার অতি গোপনীয় প্রযুক্তি এবং নিষিদ্ধ এআই চিপগুলো মার্কিন বিধিনিষেধ এড়িয়ে চিনের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বিস্তৃত মেগাস্পিডের এই বিশাল নেটওয়ার্ক এবং এর নেপথ্যে থাকা আসল মালিকানা ও অর্থায়ন এখন আন্তর্জাতিক তদন্তের আওতায় এসেছে।

এই চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতে এনভিডিয়া এবং মেগাস্পিড—উভয় সংস্থাই চিপ পাচার বা কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডের কথা অস্বীকার করেছে। এনভিডিয়ার দাবি, তাদের অভ্যন্তরীণ তদন্তে এ ধরনের কোনো অপব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সিঙ্গাপুর পুলিশ মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে এনভিডিয়াও গত ৮ নভেম্বর বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে।

যদিও মেগাস্পিডের বিরুদ্ধে চিনা গুপ্তচরবৃত্তির কোনো অকাট্য নথি এখনও প্রকাশ্যে আসেনি, তবে এই ঘটনা বিশ্ব প্রযুক্তি রাজনীতি ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *