৩১ ডিসেম্বরের মধ্যে টাকা না ফেরালে সোজা জেল, আবাস প্রকল্পে কড়া পদক্ষেপ নবান্নের!

আবাস প্রকল্পে অযোগ্যদের হাতে যাওয়া অনুদান উদ্ধারে কড়া পদক্ষেপ রাজ্যের
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: পূর্বতন সরকারের আমলে আবাস প্রকল্পে অযোগ্য উপভোক্তাদের হাতে চলে যাওয়া আর্থিক অনুদান উদ্ধারে কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি তথ্য যাচাই করে দেখা গেছে, তৃণমূল কংগ্রেস সরকারের জমানায় প্রায় ১২ হাজার অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিয়েছিলেন। সরকারি কোষাগারের প্রায় ১০০ কোটি টাকা উদ্ধার করতে এবার প্রশাসনিক পদক্ষেপের পথে হাঁটছে নবান্ন।
নির্দেশনা অনুযায়ী, অযোগ্য উপভোক্তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি অর্থ ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা তথা এফআইআর দায়ের করা হবে। গত ৪ নভেম্বর মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত দপ্তরের পর্যালোচনা বৈঠকেও এই বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। খুব শীঘ্রই পঞ্চায়েত দপ্তর এ বিষয়ে প্রতিটি জেলায় সরকারি নির্দেশিকা পাঠাবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র অনুদান বন্ধ হওয়ার পর পূর্বতন রাজ্য সরকার নিজস্ব অর্থায়নে ‘বাংলার বাড়ি’ প্রকল্প শুরু করেছিল। সেই সময় ৩০ লক্ষ ৬৫ হাজার উপভোক্তা আর্থিক সহায়তা পেয়েছিলেন। পালাবদলের পর নতুন সরকার প্রকল্পটির নাম পরিবর্তন করে ‘মুখ্যমন্ত্রী আবাস যোজনা’ রাখে। বর্তমান সরকার ১০ লক্ষাধিক উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করেছে এবং আগামী শুক্রবার আরও সাত লক্ষাধিক উপভোক্তাকে এই সুবিধা দেওয়া হবে। এই প্রক্রিয়ার মধ্যেই অযোগ্যদের চিহ্নিত করার কাজ চূড়ান্ত করা হয়েছে।
টাকা ফেরানোর প্রক্রিয়া স্বচ্ছ রাখতে একটি নির্দিষ্ট পোর্টাল ও রূপরেখা তৈরি করেছে প্রশাসন। নিয়ম অনুযায়ী, ব্লক প্রশাসনের মাধ্যমে উপভোক্তার কাছ থেকে টাকা সংগ্রহ করে রসিদ দেওয়া হবে। এরপর ট্রেজারি ফর্ম-৭ পূরণ করে সেই অর্থ বিডিও-র মাধ্যমে সরকারি ট্রেজারি লিংক ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে। ফর্মে উপভোক্তা ও বিডিও উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
পাশাপাশি, রাজ্যের বিভিন্ন পুর এলাকায় অযোগ্য উপভোক্তা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীন ‘স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি’ (সুডা) এ বিষয়ে সমীক্ষা চালাচ্ছে। শহরাঞ্চলেও একই প্রক্রিয়ায় অযোগ্যদের থেকে টাকা উদ্ধারের পাশাপাশি ব্যর্থ হলে এফআইআর দায়েরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।