বুকস্টলে হামলার প্রতিবাদ করায় আক্রান্ত প্রাক্তন মন্ত্রী দেবলীনা, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!

বুকস্টলে হামলার প্রতিবাদ করায় আক্রান্ত প্রাক্তন মন্ত্রী দেবলীনা, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!

 

বাঁকুড়ায় এসএফআইয়ের বুকস্টলে ভাঙচুর, আক্রান্ত প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম

নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া: দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই কালীপূজার আবহে আবারও বামেদের বুকস্টলে হামলার অভিযোগ উঠল। সোমবার বাঁকুড়া শহরের স্কুলডাঙায় এসএফআইয়ের একটি বুকস্টলে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় বাধা দিতে গিয়ে শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম। অভিযোগের তির বিজেপি ও আরএসএসের দিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টা নাগাদ বাঁকুড়ায় সিপিএমের জেলা কার্যালয়ের সামনে এসএফআইয়ের ওই স্টলটিতে কয়েক জন কর্মী উপস্থিত ছিলেন। অভিযোগ, আচমকাই চার-পাঁচ জন দুষ্কৃতী সেখানে এসে কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর তারা স্টলের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং সেখানে রাখা বইপত্র ছড়িয়ে ফেলে। এসএফআইয়ের প্রয়াত রাজ্য কমিটির সদস্য সুদীপ্ত গুপ্তের ছবিতেও লাথি মারা হয়েছে বলে অভিযোগ।

পরিস্থিতি বেগতিক দেখে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে আসেন জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম। হামলাকারীদের বাধা দিতে গেলে তিনি নিগ্রহের শিকার হন বলে অভিযোগ। হামলাকারীরা তাঁর মোবাইল ফোনটি কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলে। ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এসএফআই নেতাদের অভিযোগ, ঘটনার সময় ফোন করা সত্ত্বেও পুলিশ অনেক দেরিতে ঘটনাস্থলে এসেছে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি তুলেছেন তাঁরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এসএফআই।

এই বিষয়ে আক্রান্ত দেবলীনা হেমব্রম বলেন, “সারা রাজ্যেই বামেদের বুকস্টলে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে বাঁকুড়াতেও এই ঘটনা ঘটানো হয়েছে। আমি বাধা দিতে গেলে আমাকে হেনস্থা করা হয়েছে এবং মোবাইল ভেঙে দেওয়া হয়েছে।”

যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের রাজ্য নেতা সৌগত পাত্র বলেন, “বামেরা এখন রাজ্যে অপ্রাসঙ্গিক একটি দল। কোনো ভিত্তি নেই বলেই তারা প্রচারের আলোয় আসতে বিজেপি-র নামে মিথ্যা অভিযোগ তুলছে।”

উল্লেখ্য, গত রবিবার উত্তর ২৪ পরগনার নৈহাটি এবং হাবড়াতেও বামেদের বুকস্টলে হামলার অভিযোগ উঠেছিল। পরপর এমন ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *