হৃদরোগে মৃত্যু নয়, স্বামী খুনে গ্রেফতার স্ত্রী ও প্রেমিক!

স্ত্রী ও প্রেমিকের যোগসাজশে খুন, হৃদরোগের নাটক সাজিয়ে গ্রেফতার দুজন
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি এলাকায় স্বামীকে খুনের পর ঘটনাটিকে ‘হৃদরোগে মৃত্যু’ বলে চালানোর অভিযোগে স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর দোদাতোগুরুর বেটাদাসানাপুরা মেন রোডের বাসিন্দা এক ব্যক্তি দাবি করেছিলেন, তাঁর দাদা বাথরুমে পিছলে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে ইলেকট্রনিক সিটি থানায় প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর (UD) মামলা রুজু করা হয়েছিল।
তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসতেই পুলিশের সন্দেহ ঘনীভূত হয়। এরপর শুরু হয় বিস্তারিত তদন্ত। গত ৫ নভেম্বর পুলিশ এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। জেরার মুখে ওই ব্যক্তি স্বীকার করে যে, নিহত ব্যক্তির স্ত্রীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। নিহত ব্যক্তি তাঁদের সম্পর্কের কথা জেনে যাওয়ায় দুই অভিযুক্তকেই সতর্ক করেছিলেন। সম্পর্কের পথে ‘বাধা’ সরাতেই তাঁরা ওই ব্যক্তিকে খুনের ছক কষে।
অভিযুক্তের বয়ান অনুযায়ী, গত ১২ অক্টোবর ভোরে শ্বাসরোধ করে এবং নাক-মুখ চেপে ধরে তাঁকে খুন করা হয়। অপরাধ ঢাকার জন্য তাঁরা পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জানায় যে, বাথরুমে পড়ে গিয়ে হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে।
এই সূত্র ধরে ৬ নভেম্বর পুলিশ নিহতের স্ত্রীকে তাঁর বাড়ি থেকে আটক করে। জেরায় তিনিও খুনে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপরই অস্বাভাবিক মৃত্যুর মামলাটি খুনের মামলায় রূপান্তরিত করা হয়। ওই দিনই দুই অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
ইলেকট্রনিক সিটি ডিভিশনের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসি) এম নারায়ণের তত্ত্বাবধানে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) কে এম সতীশ এবং ইলেকট্রনিক সিটি থানার ইন্সপেক্টর আজরুদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।