ভিবি-জি-রাম-জি প্রকল্পে ঢিলেমির অভিযোগ, তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে সরব বিজেপি বিধায়ক

মহিষাদল বিধানসভা এলাকায় ভিবি-জি-রাম-জি প্রকল্পে কাজ না হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বিজেপি বিধায়ক সুভাষচন্দ্র পাঁজার অভিযোগ, টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলির টালবাহানায় গ্রামের রাস্তা তৈরি, নিকাশি সংস্কার, পুকুর সংস্কার ও জঞ্জাল সাফাইয়ের মতো কাজ থমকে রয়েছে। এর ফলে জব কার্ড হোল্ডাররা কাজ পাচ্ছেন না।

উল্লেখ্য, ২০২৩ সালের নির্বাচনে মহিষাদল ও হলদিয়া ব্লকের অধিকাংশ পঞ্চায়েত তৃণমূলের দখলে গিয়েছে। গত ১ জুলাই থেকে চালু হওয়া এই প্রকল্পে জব কার্ড হোল্ডাররা ১২৫ দিনের কাজের সুযোগ পাচ্ছেন এবং দৈনিক পারিশ্রমিক ধার্য হয়েছে ৩০০ টাকা।

বিধায়ক সুভাষচন্দ্র পাঁজার দাবি, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি এই প্রকল্পে অসহযোগিতা করছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। লক্ষ্যা-২ পঞ্চায়েতের সদস্য সুদর্শন মাইতি জানান, বৃষ্টি ও উৎসবের মরশুমের কারণে কাজের গতি কিছুটা কমেছিল, তবে উৎসব শেষ হওয়ায় ফের কাজ দ্রুত শুরু হবে।

পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বিডিওরা। মহিষাদলের বিডিও তাপস মণ্ডল জানিয়েছেন, যেসব এলাকায় সমস্যা হচ্ছে, সেখানে পঞ্চায়েত সদস্য ও আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত কাজ শুরু করার চেষ্টা চলছে। হলদিয়ার বিডিও মৃত্যুঞ্জয় কাৰ্য্যীও জানিয়েছেন, কাজের গতি বাড়াতে সমন্বয়ের ওপর জোর দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *