সারাদিন এসিতে থাকছেন? অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ!

বর্তমান যুগে তীব্র গরমের হাত থেকে বাঁচতে বাড়ি, অফিস কিংবা গাড়ি—সর্বত্রই এয়ার কন্ডিশনার বা এসির ব্যবহার একপ্রকার অপরিহার্য হয়ে উঠেছে। সাময়িক স্বস্তি মিললেও, ২৪ ঘণ্টা এসির মধ্যে কাটানোর অভ্যাস শরীরের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। চিকিৎসকদের মতে, একটানা এসির ঠান্ডা হাওয়ায় থাকার ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমশ কমে যায়, যা ডেকে আনে নীরব নানাবিধ জটিল রোগ।
শ্বাসকষ্ট ও পেশির সমস্যা
এসির কৃত্রিম ঠান্ডা বাতাসে নাক ও গলার ভেতরের আর্দ্রতা শুকিয়ে যায়। এর ফলে নাক বন্ধ হওয়া, গলাব্যথা এবং অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার না থাকলে তাতে জমে থাকা জীবাণু ও ছত্রাক বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা হাঁজল রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। পাশাপাশি, একটানা ঠাণ্ডা পরিবেশে থাকার কারণে পেশি ও হাড় শক্ত হয়ে যেতে পারে। আর্থ্রাইটিসে আক্রান্ত রোগীদের জন্য এই পরিবেশ যেমন ক্ষতিকর, তেমনি ঘাড়, কাঁধ ও পিঠের ব্যথার কারণও হতে পারে এই অভ্যাসবশত দীর্ঘক্ষণ এসিতে থাকা।
মাইগ্রেন ও চোখের ক্ষতি
বাইরের প্রচণ্ড গরম এবং ঘরের হিমশীতল তাপমাত্রার তারতম্যের সঙ্গে শরীর সবসময় মানিয়ে নিতে পারে না। এই তাপমাত্রা পরিবর্তনের ধাক্কায় সামান্য বাইরে বেরোলেই মাইগ্রেন, অসহ্য মাথা যন্ত্রণা ও মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। অতিরিক্ত ঠান্ডার কারণে রক্ত সঞ্চালন ব্যাহত হওয়ায় অনেকেই সবসময় ক্লান্তি ও দুর্বলতায় ভোগেন। এছাড়া দীর্ঘক্ষণ এসির বাতাসে থাকলে চোখের শুষ্ক হয়ে যাওয়া, চোখ ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। এই ধরনের বিপদ এড়াতে এসির ব্যবহার সীমিত রাখা, নিয়মিত ফিল্টার পরিষ্কার করা এবং শরীরকে হাইড্রেট রাখার বিকল্প নেই।