শত্রুদের ক্ষমা নয়, নরকেও যেতে রাজি নন ট্রাম্প!

মৃত্যু, শত্রু ও ইউএফও নিয়ে খোলামেলা ডোনাল্ড ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে মৃত্যু-পরবর্তী জীবন, রাজনৈতিক শত্রুতা এবং ইউএফও (UFO) সংক্রান্ত রহস্য নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। তাঁর এই মন্তব্যগুলো এখন নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, মৃত্যুর পর ঠিক কী হয় বলে তিনি মনে করেন। জবাবে তিনি জানান, তিনি একজন ধর্মভীরু মানুষ এবং নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্বর্গে যাওয়ার আশা রাখেন। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “আমি নর্কে (নরক) যেতে চাই না। আমি চাই মানুষ আমাকে মনে রাখুক।”
সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল রাজনৈতিক শত্রুদের ক্ষমা করার প্রসঙ্গটি। সাংবাদিক প্রশ্ন করেছিলেন, স্বর্গে প্রবেশের শর্ত হিসেবে যদি তাঁকে জেমস কোমি বা ন্যান্সি পোলোসির মতো রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে বলা হয়, তবে তিনি কি তা পারবেন? ট্রাম্প বিন্দুমাত্র রাখঢাক না করে সরাসরি জানান, তিনি তা কখনোই পারবেন না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমি আমার কিছু শত্রুকে আন্তরিকভাবে ঘৃণা করি এবং চিরকাল করব।”
ইউএফও বা ভিনগ্রহের যান সম্পর্কেও ট্রাম্প তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট থাকাকালীন বিমানবাহিনীর বেশ কয়েকজন অভিজ্ঞ ও বিশ্বস্ত পাইলটের সঙ্গে তাঁর কথা হয়েছিল, যারা ইউএফও সংক্রান্ত অবিশ্বাস্য কিছু তথ্য তাঁকে দিয়েছেন। ওই পাইলটদের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প মজার ছলে তাঁদের হলিউড অভিনেতা টম ক্রুজের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, পাইলটরা দেখতে অত্যন্ত চৌকস এবং ব্যক্তিত্বসম্পন্ন হলেও, ইউএফও নিয়ে তাঁদের দেওয়া তথ্যের সত্যতা নিয়ে নিজের মনে এখনও কিছুটা সংশয় রয়েছে।