কেকেআরের বিরুদ্ধে মুম্বইয়ের জয়ের নায়ক শার্দূল ঠাকুর সাফল্যের কৃতিত্ব দিলেন ম্যানেজমেন্টকে

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরের দেওয়া ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার দ্রুতগামী ৭৮ এবং রিকলটনের বিধ্বংসী ৮১ রানের সৌজন্যে ৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে মুম্বই। তবে ব্যাটারদের দাপটের মাঝেও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন শার্দূল ঠাকুর। লখনউ থেকে ট্রেড হয়ে মুম্বইয়ের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্স করে নজর কেড়েছেন এই পেসার।
পুরস্কার হাতে নিয়ে শার্দূল জানান, পাওয়ার প্লে-র ষষ্ঠ ওভারে বল করা সবসময়ই চ্যালেঞ্জিং, তবে তিনি এই কঠিন পরিস্থিতি উপভোগ করেন। লখনউ ছেড়ে নিজের ঘরের দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে পেরে তিনি উচ্ছ্বসিত। ২০১০ সালে নেট বোলার হিসেবে যে সফর শুরু হয়েছিল, আজ সেই দলের হয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্সে তিনি আপ্লুত। কোচ বা অধিনায়কের নাম আলাদা করে না নিলেও, এই সাফল্যের জন্য মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের অকুন্ঠ সমর্থন এবং আস্থার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শার্দূল।