১৫ বছরের বৈভবের ব্যাটে অবিশ্বাস্য তাণ্ডব! পরাগের এক কথাতেই তোলপাড় ক্রিকেট দুনিয়া

আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালসের জয়জয়কার। চেন্নাই সুপার কিংসের দেওয়া ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২.১ ওভারেই জয় ছিনিয়ে নিল রাজস্থান। তবে এই ম্যাচের আসল নায়ক ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বলে ঝোড়ো হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। তার ব্যাটিং দেখে ডাগআউটে বসে থাকা অধিনায়ক রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল রীতিমতো হতবাক হয়ে যান।
ম্যাচ শেষে বৈভবের প্রশংসায় পঞ্চমুখ পরাগ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাইরের আলোচনা বা মিডিয়ায় কী হচ্ছে তাতে কান দেওয়ার দরকার নেই। বৈভবের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে অধিনায়ক তাকে বড় প্রতিশ্রুতি দিয়েছেন। পরাগ নিশ্চিত করেছেন যে, টুর্নামেন্টের ১৪টি ম্যাচেই বৈভবকে খেলার সুযোগ দেওয়া হবে। বৈভবের ৫২ এবং যশস্বী জয়সওয়ালের ৩৮ রানের ওপর ভর করেই ৪৭ বল বাকি থাকতেই সহজ জয় পায় রাজস্থান। অন্যদিকে সিএসকের হয়ে জেমি ওভারটন সর্বোচ্চ ৪৩ রান করলেও জফরা আর্চার ও নান্দ্রে বার্গারের বোলিংয়ের সামনে বাকিরা সুবিধা করতে পারেননি। বৈভবের এই বিধ্বংসী ইনিংস এখন ক্রিকেট মহলের আলোচনার কেন্দ্রে।