পিসিবি-র কড়া অ্যাকশন! বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ তারকা পাক ওপেনার ফখর জামান

নিউজ ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বড়সড় শাস্তির মুখে লাহোর কালান্দার্সের তারকা ওপেনার ফখর জামান। করাচি কিংসের বিরুদ্ধে ম্যাচে বল টেম্পারিং বা বল বিকৃতির অভিযোগে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর ফলে মুলতান সুলতানস এবং ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না এই বাঁহাতি ব্যাটার।
করাচি কিংসের বিপক্ষে ম্যাচের ১৯তম ওভার শেষে আম্পায়ার বল বিকৃতির প্রমাণ পান। ভিডিও ফুটেজে দেখা যায়, অধিনায়ক শাহিন আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে আলোচনার সময় ফখর অত্যন্ত গোপনে বলের আকার নষ্ট করার চেষ্টা করছেন। আম্পায়ার তৎক্ষণাৎ লাহোর কালান্দার্সকে ৫ রান পেনাল্টি দেন এবং বল বদলে ফেলেন। ৫ রান উপহার পাওয়ায় শেষ ওভারে করাচির জয়ের পথ সহজ হয়ে যায় এবং ৩ বল বাকি থাকতেই তারা ম্যাচ জিতে নেয়।
ম্যাচ শেষে ম্যাচ রেফারি রোশন মহানামা বিষয়টিকে পিএসএল আচরণবিধির ২.১৪ ধারার লঙ্ঘন হিসেবে গণ্য করেন। যদিও ফখর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন, কিন্তু অকাট্য ভিডিও প্রমাণের ভিত্তিতে তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। শাহিন আফ্রিদি ও নাসিম শাহর পর তৃতীয় তারকা ক্রিকেটার হিসেবে পিএসএল ২০২৬-এ শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়লেন ফখর জামান।