বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১০ লক্ষ টাকা ছুঁল, সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ

আগামী ১১ জুন থেকে শুরু হতে চলা ফুটবলের বিশ্বমঞ্চের মহাযজ্ঞ ঘিরে উন্মাদনা তুঙ্গে থাকলেও, টিকিটের আকাশছোঁয়া দাম সাধারণ ফুটবলপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে ১৯ জুলাই অনুষ্ঠিত হতে চলা মেগা ফাইনালের টিকিটের মূল্য দেখে রীতিমতো আঁতকে উঠেছেন সমর্থকরা। প্রতিটি ক্যাটাগরিতেই টিকিটের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এবং টিকিট বিক্রির জটিল প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। মধ্যবিত্ত ও সাধারণ ফুটবল সমর্থকদের জন্য গ্যালারিতে বসে খেলা দেখা এখন কার্যত বিলাসিতার নামান্তর হয়ে দাঁড়িয়েছে।
ফাইনাল ম্যাচের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম বর্তমানে ১০,৯৯০ ডলার ছাড়িয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ ১৯ হাজার টাকার সমান। শুধুমাত্র ভারত নয়, বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশের ফুটবলপ্রেমীদের কাছে এই অংক কল্পনাতীত। শুধু ফাইনাল নয়, ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড ও জার্মানির মতো হেভিওয়েট দলগুলোর পাশাপাশি আয়োজক মেক্সিকোর ম্যাচের টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আকাশচুম্বী এই মূল্যবৃদ্ধির ফলে স্টেডিয়ামে বসে খেলা দেখার স্বপ্ন ফিকে হচ্ছে অনেকেরই।
টিকিটের মূল্যের এই উর্ধ্বগতি এখানেই থেমে নেই। সরকারি তথ্যানুযায়ী, ফাইনালের দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৭ হাজার টাকা এবং তৃতীয় বিভাগের টিকিট মিলছে ৫ লক্ষ ৩৯ হাজার টাকায়। ফিফার প্রবর্তিত ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির কারণেই চাহিদার ভিত্তিতে টিকিটের দাম এভাবে ওঠানামা করছে বলে জানা গিয়েছে। এই বিতর্কিত নীতির তীব্র বিরোধিতা করে ইতিমধ্যেই সরব হয়েছে ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই)। সংস্থার পক্ষ থেকে এই ব্যবস্থার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করা হয়েছে।
মূল্যবৃদ্ধির পাশাপাশি টিকিট সংগ্রহের প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। ফিফার লটারি পদ্ধতি এবং ‘আগে এলে আগে পাবেন’ নীতির কারণে লক্ষ লক্ষ সমর্থক অনলাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট সংগ্রহ করতে পারেননি। কারিগরি ত্রুটির কারণে অনেক ব্যবহারকারী ভুল লিঙ্কে চলে গেছেন অথবা দীর্ঘ কিউ-তে দাঁড়িয়ে থেকেও শেষমেশ ব্যর্থ হয়েছেন। ‘লাস্ট-মিনিট সেলস ফেজ’-এর লিঙ্কে ক্লিক করেও সঠিক পেজে প্রবেশ করতে না পেরে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন কয়েক হাজার ফুটবল ভক্ত।
এক নেটিজেন হতাশা প্রকাশ করে জানিয়েছেন, বর্তমান মূল্যে সাধারণ মানুষের পক্ষে বিশ্বকাপ দেখা আসাম্ভব এবং এটি এখন শুধুমাত্র ধনীদের বিনোদনে পরিণত হয়েছে। অন্যদিকে, উদ্বোধনী ম্যাচে আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ের টিকিটের দামও ২ লক্ষ ৫৫ হাজার টাকায় পৌঁছানোয় অনেক টিকিট এখনো অবিক্রীত পড়ে রয়েছে। অধিকাংশ সমর্থকই এখন স্টেডিয়ামে যাওয়ার বদলে টিভি বা মোবাইল স্ক্রিনের পর্দায় চোখ রাখাকেই শ্রেয় বলে মনে করছেন। গ্যালারি ভর্তি দর্শক নিয়ে আয়োজকদের কপালে এখন চিন্তার ভাঁজ।