শুভমনের হাতে ভারতের টেস্ট ব্যাটন, আফগানিস্তান ম্যাচের দলে উপেক্ষিতই থেকে গেলেন শামি, কোপ পন্থের ডেপুটি পদেও!

আইপিএলের রেশ কাটতে না কাটতেই আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করলেন জাতীয় নির্বাচকেরা। আগামী ৬ থেকে ১০ জুন নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচের জন্য শুভমন গিলের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এই ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় নিয়মিত পেসার জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় চমক, আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ভালো পারফর্ম করা সত্ত্বেও বাংলার অভিজ্ঞ জোরে বোলার মহম্মদ শামিকে আবারও ব্রাত্যই করে রাখলেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর।
ভবিষ্যতের লক্ষ্যে তরুণদের সুযোগ
নির্বাচকদের এই দল গঠনের সিদ্ধান্ত স্পষ্ট করে দিচ্ছে যে, গম্ভীর ও আগরকর জুটি এখন থেকেই লাল বলের ক্রিকেটে ভবিষ্যতের দল গড়ার কাজ শুরু করে দিয়েছেন। আসন্ন শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে একঝাঁক নতুন মুখকে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এই লক্ষ্যেই দলে সুযোগ পেয়েছেন তরুণ অলরাউন্ডার হর্ষ দুবে, বাঁহাতি স্পিনার মানব সুতার এবং জোরে বোলার গুরনুর ব্রার। তিন তরুণ ক্রিকেটার প্রথম একাদশে জায়গা না পেলেও শুভমনদের সাজঘরের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার দারুণ সুযোগ পাবেন। একই সঙ্গে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা এবং আকাশদীপের মতো ক্রিকেটারদেরও এই ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।
নেতৃত্বে শুভমন, ডানা ছাঁটা হল ঋষভ পন্থের
আফগানিস্তান টেস্টে শুভমন গিলের ডেপুটি বা সহ-অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ লোকেশ রাহুলকে। সাম্প্রতিক সময়ে ঋষভ পন্থের পারফরম্যান্স এবং মানসিকতা নিয়ে বারবার প্রশ্ন ওঠায় তাঁকে আর ভারতীয় দলের ‘লিডারশিপ গ্রুপ’-এ বিবেচনা করা হচ্ছে না। নির্বাচকেরা পন্থের ওপর আস্থা হারিয়েছেন বলেই মনে করছে ক্রিকেট মহল। ফলে তাঁর বদলে অভিজ্ঞ রাহুলকে এই বড় দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তিনি অধিনায়ক শুভমনকে মাঠের সিদ্ধান্ত গ্রহণে পরিণত হতে সাহায্য করতে পারেন।
বিগত ২০১৮ সালের পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলতে নামছে আফগানিস্তান। সেবার বেঙ্গালুরু টেস্টে মাত্র দু’দিনেই ইনিংস ও ২৬২ রানে জিতেছিল ভারত। এবারও ভারতীয় দল শক্তিশালী যুবশক্তির ওপর ভর করে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া।