বাপ কা বেটা! নীল জার্সিতে এবার দ্রাবিড়-পুত্র, লঙ্কা সফরে ভারতীয় দলে সুযোগ অন্বয়ের

বাপ কা বেটা! নীল জার্সিতে এবার দ্রাবিড়-পুত্র, লঙ্কা সফরে ভারতীয় দলে সুযোগ অন্বয়ের

দিল্লি: বাইশ গজে ফের ফিরছে ‘দ্রাবিড়’ ম্যাজিক! ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ও প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় দ্রাবিড় এবার জায়গা করে নিলেন ভারতীয় দলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত অনূর্ধ্ব-১৯ (U-19) ভারতীয় দলে ডাক পেয়েছেন তিনি। বৃহস্পতিবারই লঙ্কা সফরের জন্য সাদা ও লাল বলের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

১৭ বছর বয়সী ডানহাতি ব্যাটার অন্বয় ঘরোয়া ক্রিকেটে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন। শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। তবে অন্বয়কে আপাতত শুধুমাত্র একদিনের সিরিজেই সুযোগ দেওয়া হয়েছে, টেস্ট দলে তাঁর নাম নেই। উইকেটের পেছনে গ্লাভস হাতে রজত বাঘেলের পাশাপাশি অন্বয়কেও দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে রাখা হয়েছে। এই সফরে যুব দলের নেতৃত্ব দেবেন যশবর্ধন সিং চৌহান।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই সুযোগ অন্বয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক। তাঁর বড় ভাই সমিত দ্রাবিড় কর্নাটকের হয়ে অনূর্ধ্ব-১৯ স্তরে খেললেও জাতীয় দলে ডাক পাননি। সেখানে অন্বয় সরাসরি নীল জার্সি গায়ে চাপানোর সুযোগ পেলেন।

সম্প্রতি বিনোদ মানকড় ট্রফিতে কর্নাটক অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন অন্বয়। মিডল অর্ডারের ভরসাযোগ্য ব্যাটার হিসেবে ছয় ইনিংসে ২২০ রান করেন তিনি। হিমাচল প্রদেশের বিরুদ্ধে তাঁর খেলা অপরাজিত ৮২ রানের ইনিংসটি নজর কেড়েছিল সবার। এর আগে বিজয় মার্চেন্ট ট্রফিতে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে নিজের প্রথম সেঞ্চুরিও করেছিলেন দ্রাবিড়-পুত্র।

জাতীয় নির্বাচকদের মতে, এই সফর থেকেই আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে। বয়সের নিরিখে অন্বয় আগামী দুই বছর এই স্তরে খেলার সুযোগ পাবেন। তাই উপমহাদেশের কন্ডিশনে এই সফর তাঁর ভবিষ্যতের জন্য দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। আগামী জুনের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল। ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ জুলাই থেকে।

ভারত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দল:

সাগর বির্ক, লক্ষ্য রাইচান্দানি (সহ-অধিনায়ক), যশবর্ধন সিং চৌহান (অধিনায়ক), বিনীত ভি কে, অর্জুন রাজপুত, কুশাগ্র ওঝা, রজত বাঘেল (উইকেটকিপার), অন্বয় দ্রাবিড় (উইকেটকিপার), অনমলজিৎ সিং, ভুটকুরি যশবীর গৌড়, রোহিত অনিল যাদব, শাভিন ভি, কাব্য পরেশ প্যাটেল, মোহিত উলভা, ঈশান সুদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *