বয়সের ফারাক মাত্র ১ বছর, বলিউডের পর্দায় বরুণের মা গ্ল্যামারাস মৌনী!

বলিউডে অভিনেতা ও অভিনেত্রীদের বয়সের ফারাক নিয়ে চর্চা নতুন কিছু নয়। তবে এবার যে সমীকরণ সামনে এসেছে, তা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটদুনিয়ার। ৩৯ বছর বয়সী অভিনেতা বরুণ ধাওয়ানের মায়ের চরিত্রে অভিনয় করছেন ৪০ বছরের গ্ল্যামারাস অভিনেত্রী মৌনী রায়। ডেভিড ধাওয়ানের আসন্ন চলচ্চিত্র ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর ট্রেলার মুক্তি পেতেই এই কাস্টিং নিয়ে সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনা ও ট্রোলিং শুরু হয়েছে।
সিনেমার গল্পে বরুণ ধাওয়ান, ম্রুণাল ঠাকুর ও পূজা হেগড়ের সম্পর্কের টানাপোড়েনের মাঝে এন্ট্রি নেন মৌনী রায়। ট্রেলারে দেখা যায়, বরুণ তাঁর বন্ধুর কাছে এক আদর্শ মায়ের আবদার জানালে পর্দায় ‘নকল’ মা হিসেবে হাজির হন মৌনী। বাস্তবে মাত্র এক বছরের ছোট-বড় দুই তারকার এই অনস্ক্রিন ‘মা-ছেলে’র সম্পর্ককে দর্শকরা সহজভাবে নিতে পারেননি। সোশাল মিডিয়ায় এই দৃশ্য নিয়ে মিমের বন্যা বয়ে যাচ্ছে। নেটিজেনদের একাংশ এই কাস্টিং ও জোর করে চাপিয়ে দেওয়া হাস্যরসকে ‘ব্রেন রট’ বলে কটাক্ষ করেছেন। অনেকেই আবার একে পুরনো চর্বিতচর্বণ এবং মানহীন কনটেন্ট হিসেবে অভিহিত করেছেন।
আইনি জটিলতা ও ট্রোলিংয়ের জোড়া ধাক্কা
ছবিটি নিয়ে বিতর্ক শুধু কাস্টিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। ১৯৯৯ সালের সালমান খানের ‘বিবি নম্বর ওয়ান’ ছবির জনপ্রিয় গানের লাইন থেকে এই সিনেমার নাম নেওয়া হয়েছে, যা নিয়ে প্রযোজক বাসু ভগনানির কপিরাইট মামলাজনিত আইনি জটিলতা তৈরি হয়েছে। একদিকে কাস্টিং নিয়ে তুমুল ট্রোলিং এবং অন্যদিকে আইনি গেরো, সব মিলিয়ে মুক্তির আগেই তীব্র বিতর্কের মুখে পড়েছে সিনেমাটি।
চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অবাস্তব কাস্টিং এবং দুর্বল চিত্রনাট্য দর্শকদের সিনেমা হলের বিমুখ করতে পারে। আধুনিক দর্শকরা এখন অনেক বেশি সচেতন, তাই স্থূল কৌতুক বা অদ্ভুত সমীকরণ বক্স অফিসে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আগামী ৪ জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয়, সমস্ত বিতর্ক পেরিয়ে এই অদ্ভুত সমীকরণ বক্স অফিসে কোনো চমক দেখাতে পারে নাকি ব্যর্থতার তালিকায় নাম লেখায়।