মুকুটে ৩৩তম পালক! স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি, উৎসর্গ করলেন ১৪০ কোটি ভারতীয়কে

ব্রাতিস্লাভা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর মানেই যেন অবধারিত রাষ্ট্রীয় সম্মান। বর্তমানে তিনি রয়েছেন স্লোভাকিয়া সফরে, যেখানে তাঁকে ঐতিহ্যবাহী রুটি ও লবণ দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আর এবার মোদির হাতে তুলে দেওয়া হলো সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’।
গত ১২ বছরের প্রধানমন্ত্রিত্বের কার্যকালে এই নিয়ে মোট ৩৩টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদি। টানা সবচেয়ে বেশিদিন ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার নজির গড়ার পরই এই বিদেশ সফরে গেছেন তিনি। আর সেখানেই মিলল এই বিরাট আন্তর্জাতিক স্বীকৃতি।
২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ সাশ’ দিয়ে এই জয়যাত্রার শুরু হয়েছিল। এরপর বিগত বছরগুলোতে রাশিয়ার ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল’, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘লিজিয়ন অফ মেরিট’, ফ্রান্সের ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’ এবং গায়ানার ‘অর্ডার অফ এক্সিলেন্স’-এর মতো একের পর এক বিশ্বমঞ্চের সেরা সম্মানগুলো নিজের ঝুলিতে পুরেছেন মোদি। এমনকি চলতি বছরেই এটি তাঁর তৃতীয় আন্তর্জাতিক সম্মান। এর আগে তিনি ইজরায়েলের ‘মেডেল অফ দ্য কেনেসেট’ এবং সুইডেনের ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’ পেয়েছেন।
‘এই সম্মান ১৪০ কোটি ভারতীয়র’, আপ্লুত প্রধানমন্ত্রী
স্লোভাকিয়ার এই সর্বোচ্চ সম্মান পেয়ে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি লিখেছেন, “ব্রাতিস্লাভায় ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস’ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত। স্লোভাকিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ। তবে এই সম্মান আমার একার নয়, এটি ভারতের ১৪০ কোটি মানুষের। ভারত ও স্লোভাকিয়ার এই গভীর বন্ধুত্বকেই আমি আমার সম্মান উৎসর্গ করলাম।” বিশ্বমঞ্চে ভারতের এই অনন্য গৌরব অর্জনে স্বভাবতই খুশি দেশবাসী।