ধূপগুড়িতে বুলডোজার অভিযান, সুপার মার্কেট চত্বর দখলমুক্ত করল প্রশাসন

ধূপগুড়িতে বুলডোজার অভিযান, সুপার মার্কেট চত্বর দখলমুক্ত করল প্রশাসন

ধূপগুড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে সরকারি জমি দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী ও বুলডোজার নিয়ে প্রশাসনিক কর্তারা এলাকায় পৌঁছান। মুহূর্তের মধ্যে বুলডোজারের দাপটে গুঁড়িয়ে দেওয়া হয় সরকারি জমিতে গড়ে ওঠা অসংখ্য অবৈধ ঝুপড়ি ও অস্থায়ী দোকান।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ কয়েক বছর ধরে সুপার মার্কেটের সরকারি জমি বেদখল হয়ে ছিল। এই অবৈধ দখলের জেরে এলাকায় তীব্র যানজটসহ বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছিল। প্রশাসনের দাবি, গত ৩ জুলাই দখলকারীদের আনুষ্ঠানিকভাবে নোটিশ দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও অনেকেই জায়গা খালি করেননি, এমনকি প্রশাসনের নির্দেশকে অগ্রাহ্য করার অভিযোগও ওঠে।

শেষ পর্যন্ত বাধ্য হয়েই মঙ্গলবার এই উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। অভিযানের ফলে সুপার মার্কেট চত্বর অনেকটা দখলমুক্ত হয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানালেও, উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জনস্বার্থ এবং সরকারি জমি উদ্ধার করাই এই অভিযানের মূল লক্ষ্য। ভবিষ্যতে যাতে ফের কেউ জমি দখল করতে না পারে, সেজন্য এলাকায় কড়া নজরদারি বজায় রাখা হবে। এছাড়া যানজট নিরসন এবং এলাকা পরিষ্কার রাখার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদের পর দ্রুত জায়গাটি পরিষ্কার করে সরকারি কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিনের অভিযানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *