মেটাল ডিটেক্টর এড়াতে সোনায় কালো টেপ! মিনারের বাড়িতে ৫০ কোটির ‘যকের ধন’, উধাও অনুব্রত-ঘনিষ্ঠ টুলু

মেটাল ডিটেক্টর এড়াতে সোনায় কালো টেপ! মিনারের বাড়িতে ৫০ কোটির ‘যকের ধন’, উধাও অনুব্রত-ঘনিষ্ঠ টুলু

বীরভূম: বীরভূমের দেউচায় অট্টালিকা থেকে শুরু করে দুবাইয়ে নামে-বেনামে সম্পত্তি, এমনকি নামী-দামি বিলাসবহুল গাড়ির বহর—অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সম্পত্তির খতিয়ান দেখে তাজ্জব পুলিশ প্রশাসন। সম্প্রতি বীরভূমের মহম্মদবাজারে টুলুর বোন জামাই তথা প্রাক্তন সরকারি বাস চালক মিনার মণ্ডলের বাড়িতে টানা দুই দিন ধরে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ২৮ কোটি ৫০ লাখ টাকা নগদ এবং ১৫ কেজি সোনা।

মেটাল ডিটেক্টর এড়াতে বিশেষ ফাঁদ তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হওয়া সোনা আনা হয়েছিল সুইৎজারল্যান্ড ও দুবাই থেকে। মেটাল ডিটেক্টরে যাতে সেই সোনা ধরা না পড়ে, তার জন্য সোনার বারগুলোতে পেঁচানো ছিল বিশেষ কালো টেপ।

গ্রেপ্তার মিনার, মক্কেলের দাবি “সবটাই টুলুর” বৃহস্পতিবার মহম্মদবাজার থানার পুলিশ মিনার মণ্ডলকে গ্রেপ্তার করে আদালতে তুললে তাঁর ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তবে মিনারের দাবি, এই বিপুল সোনা ও টাকার আসল মালিক টুলু মণ্ডলই। গা ঢাকা দেওয়ার আগেই এগুলো তাঁর কাছে গচ্ছিত রেখে গিয়েছিলেন টুলু। অন্যদিকে, মিনারের স্ত্রীর দাবি, প্রায় এক বছর আগে কাগজ রাখার কথা বলে একটি আলমারিতে এসব রেখে যান টুলু, যার চাবি ছিল টুলুর কাছেই। তাঁদের সংসার নাকি চলে স্বামীর সামান্য পেনশনের টাকায়!

টুলুর খোঁজে পুলিশি হানা ও নিখোঁজ রহস্য গত ২৩ জুলাই থেকেই গা ঢাকা দিয়েছেন টুলু মণ্ডল। বৃহস্পতিবার সিউড়ি ও মহম্মদবাজার থানার পুলিশ একযোগে টুলুর একাধিক ডেরা, দেউচার সোতশালের বাড়ি এবং পার্কিং এলাকায় অভিযান চালায়। সুভাষপল্লি ও জীবধরপুরের ফার্ম হাউসের পাশাপাশি একটি গাড়ি আটকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়িতে থাকা ব্যক্তিরা জানান, সকালে টুলুর ফোন পেয়েই তাঁরা নথিগুলো সরাতে যাচ্ছিলেন।

সাম্রাজ্যের বিস্তার দুবাই থেকে দেউচা এলাকায় পরিচিতি অনুযায়ী, টুলুর অধীনে কাজ করেন প্রায় ৮০০ জন কর্মী। তাঁর বহরে রয়েছে ৫০০টিরও বেশি লরি এবং ‘ল্যান্ড রোভার রেঞ্জ রোভার’, ‘ডিফেন্ডার’-এর মতো একাধিক বিলাসবহুল গাড়ি। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই বিপুল পরিমাণ অগাধ সম্পত্তি এবং পাচার চক্রের পেছনে ঠিক কার কার হাত রয়েছে। বর্তমানে ফেরার টুলু মণ্ডলের সন্ধান চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *