সব পুজোয় অনুদান বন্ধ? ১০ লক্ষ টাকার কম বাজেটের পুজো নিয়ে বড় ঘোষণা!

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে নতুন সরকারের নীতিতে বড় বদল আসতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার মতো রাজ্যের সব দুর্গাপুজো কমিটিকে আর আর্থিক অনুদান দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র যে সমস্ত পুজো কমিটির প্রকৃত প্রয়োজন রয়েছে, বাছাই করে তাদেরই সহায়তার হাত বাড়িয়ে দেবে রাজ্য। নবান্ন সূত্রে খবর, বিশেষ করে ১০ লক্ষ টাকার নীচে বাজেটের ছোট পুজো কমিটিগুলিকেই এই আর্থিক অনুদানের আওতায় আনার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে।
গত বছর পর্যন্ত সমস্ত পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হলেও, বর্তমান সরকার সেই ধারা বদল করে বেছে বেছে সাহায্যের নীতি গ্রহণ করেছে। সম্প্রতি ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি মাসেই জানানো হবে। সরকারের এই নীতিবদলের ফলে ছোট ও মাঝারি পুজো কমিটিগুলির মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।