রাজধানীতে হু হু করে ছড়াচ্ছে সোয়াইন ফ্লু! ছয় গুণ বাড়ল সংক্রমণ, আপনার শিশু সুরক্ষিত তো?

রাজধানীতে মারাত্মক আকার ধারণ করেছে H1N1 বা সোয়াইন ফ্লু। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা এনসিডিসি-র সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরে ইতিমধ্যেই দিল্লিতে ১,৪৪৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ছয় গুণ বেশি। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে যতগুলি পরীক্ষা হচ্ছে তার প্রতি তিনজনে একজনের রিপোর্ট পজিটিভ আসায় উদ্বেগ বহুগুণ বেড়েছে। গাজিয়াবাদের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের ডিরেক্টর ডঃ বন্দনা গর্গ জানান, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের এই প্রজাতিটি ছোট বাচ্চাদের মধ্যেও অত্যন্ত দ্রুতগতিতে ছড়াচ্ছে।
হাঁচি-কাশির মাধ্যমে সংক্রামিত এই ভাইরাসের প্রধান লক্ষণ হলো হঠাৎ তীব্র জ্বর, কাশি, সারা গায়ে তীব্র ব্যথা ও অতিরিক্ত ক্লান্তি। ছোট বাচ্চা, গর্ভবতী নারী এবং প্রবীণদের ক্ষেত্রে এর ঝুঁকি অনেকটাই বেশি। এই মারাত্মক সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করতে নির্দিষ্ট সময়ে টিকা প্রদান অত্যন্ত জরুরি। পাশাপাশি, নিয়মিত হাত পরিষ্কার রাখা, অসুস্থ ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং ব্যবহৃত সমস্ত জিনিসপত্র সঠিকভাবে জীবাণুমুক্ত করলে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।