বড় বিপদের আশঙ্কা! নেপালের ৪ হিমবাহ হ্রদের জল কমানোর কাজ শুরু, নজরে আরও ১৭

নেপালে হিমবাহ হ্রদের চরম ঝুঁকিতে উদ্বেগ বাড়ছে ভারতেও। ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট’ ও রাষ্ট্রসংঘের যৌথ প্রতিবেদন অনুযায়ী, হিমালয় অঞ্চলের ৪৭টি বিপজ্জনক হ্রদের মধ্যে নেপালের ২১টি, তিব্বতের ২৫টি এবং ভারতের ১টি হ্রদ রয়েছে। ২৬ আগস্টের বিপর্যয়ের পর নেপাল সরকার চারটি হ্রদের জল কমানোর উদ্যোগ নিলেও এখনও ১৭টি হিমবাহ হ্রদ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে এসব হ্রদের বাঁধ ভেঙে যেকোনো মুহূর্তে ভয়াবহ হড়পা বানের সৃষ্টি হতে পারে।
এই সম্ভাব্য প্রাকৃতিক বিপর্যয়ের আঁচ সরাসরি এসে পড়তে পারে ভারতের ওপর। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, নেপালের বিপজ্জনক হ্রদগুলি ফেটে প্লাবন ঘটলে ভারতের বিহার, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের গৌড়বঙ্গ ও মুর্শিদাবাদ অঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হতে পারে। এছাড়া উত্তরাখণ্ডের কালী নদী অববাহিকায় থাকা ভারতের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হ্রদটি উপচে পড়লে ভয়ঙ্কর ভূমিধস ও বানের আশঙ্কায় রয়েছে প্রতিবেশী রাজ্যগুলি। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ে এমন দুর্যোগের ঝুঁকি দিন দিন আরও বাড়ছে।