বদলে যাচ্ছে মায়াপুর! আন্তর্জাতিক স্তরে সাজাতে বিরাট ঘোষণা পুরমন্ত্রীর

মায়াপুর ইসকন মন্দির সংলগ্ন ৭০০-৮০০ একর জমি ও সমগ্র টাউন এলাকাকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলার বিরাট উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে মায়াপুরে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে নবদ্বীপের বিধায়ক, নদিয়ার জেলা শাসক, কেএমডিএ-এর সিইও সহ অন্যান্য পদস্থ আধিকারিক এবং ইসকনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কলকাতার কলেজ স্ট্রিট বা ট্যাংরা চিনা টাউনের আদলেই বিশ্বজুড়ে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর সুবিধার্থে আধুনিক পরিকাঠামো তৈরি করা হবে।
এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও নিকাশি সমস্যার সমাধানে দক্ষ প্ল্যানার ও আর্কিটেক্টদের দিয়ে বিশেষ ব্লু-প্রিন্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় স্তরের পরিকল্পনা অনুযায়ী রাস্তাঘাট, উন্নত ড্রেনেজ, আধুনিক এসটিপি প্ল্যান্ট, গণপরিবহণ ও পর্যটক পরিষেবার আধুনিকীকরণ করা হবে। পঞ্চায়েত এলাকা হওয়া সত্ত্বেও যৌথ সমন্বয়ের মাধ্যমে এই কাজ সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। পাশাপাশি নির্বাচিত পাঁচটি স্মার্ট সিটির অন্তর্ভুক্ত হওয়ায় নবদ্বীপ ও মায়াপুরকে সুনির্দিষ্ট পরিকল্পনায় সাজাতে পুরসভার সাফাইকর্মী ও প্রশাসনিক টিমকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার বার্তা দেওয়া হয়েছে।