প্রাক্তন পরিবহন মন্ত্রীর কোটি টাকার সমবায় দুর্নীতি, ফাঁস বিস্ফোরক তথ্য

মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে কৃষক সমবায় সমিতি থেকে ঋণ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগে নাম জড়াল প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের দাবি, হুগলির জাঙ্গিপাড়ার সিংটি কৃষক সমবায় সমিতি থেকে নিজে কৃষক না হওয়া সত্ত্বেও ক্ষমতার জোরে এক কোটি টাকা ঋণ নিয়েছিলেন প্রাক্তন এই মন্ত্রী। ঘটনার তদন্তে নেমে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে। দুর্নীতির অভিযোগে ওই সমবায় সমিতির ম্যানেজার স্বপন পাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিক, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। তিনি কুণাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পাল্টা দাবি করেছেন, সমিতির সদস্য হিসেবে তিনি বহু বছর আগে মাত্র ১৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন এবং তা পাঁচ বছর আগেই শোধ করেছেন। তদন্তকারীদের সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ঋতব্রত শিবিরের ওই শীর্ষ নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা, যা বর্তমানে রাজ্য রাজনীতিতে বেশ শোরগোল ফেলে দিয়েছে।