প্রশাসনিক রদবদল নিয়ে হাইকোর্টে জোর লড়াই কমিশনের মুখে ছদ্মবেশী মামলার তোপ

রাজ্যে আসন্ন নির্বাচনের আগে শীর্ষস্তরের প্রশাসনিক আধিকারিকদের বদলি ঘিরে কলকাতা হাইকোর্টে নজিরবিহীন আইনি লড়াই শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবী ডিএস নাইডু স্পষ্ট জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে যেকোনো আধিকারিককে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার পূর্ণ অধিকার কমিশনের রয়েছে। এই বদলি প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা জনস্বার্থ মামলাটিকে ‘ছদ্মবেশী’ বলে অভিহিত করেছে কমিশন। তাদের দাবি, আবেদনকারী কেবল নামমাত্র, নেপথ্যে থেকে অন্য কেউ এই মামলাটি পরিচালনা করছে।
অন্যদিকে জনস্বার্থ মামলার সপক্ষে প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, আইনসভার তৈরি নিয়মের বাইরে গিয়ে কমিশন কীভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে। বিপুল সংখ্যক আমলাকে অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠিয়ে দিলে রাজ্যের প্রশাসনিক কাজ ব্যাহত হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। রাজ্যের সম্মতি ছাড়া পর্যবেক্ষক নিয়োগ এবং মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত আধিকারিকদের সরানোর পদক্ষেপকে অস্বচ্ছ বলে দাবি করা হয়েছে। উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শেষে আদালত আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।