কলকাতায় পাক হামলার হুমকি নিয়ে কেন চুপ প্রধানমন্ত্রী? নদিয়ার সভা থেকে মোদীকে তীব্র আক্রমণ মমতার

ভোটমুখী বাংলায় জাতীয় নিরাপত্তা ও পাকিস্তান ইস্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নদিয়ার নাকাশিপাড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যখন সরাসরি কলকাতায় হামলার হুমকি দিচ্ছেন, তখন দেশের প্রধানমন্ত্রী কেন মৌনব্রত পালন করছেন? গতকাল রাজ্য সফরে এসেও প্রধানমন্ত্রী কেন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন না, তা নিয়ে সরব হন তিনি। দেশের অখণ্ডতা রক্ষায় কেন্দ্রের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
বিস্ফোরক অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন গত বছরের পহেলগাঁও হামলার স্মৃতি উসকে দেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তোপ দেগে তিনি বলেন, “নির্বাচনের আগে কি আবার কোনও ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে? আপনারা কি আবারও পহেলগাঁওয়ের মতো কোনও ঘটনা ঘটাতে চাইছেন?” মুখ্যমন্ত্রীর ইঙ্গিত, ভোটের আগে জাতীয়তাবাদ চাঙ্গা করতেই কি এই ধরনের পরিস্থিতির অপেক্ষা করা হচ্ছে? এই জাতীয় নিরাপত্তা ইস্যুকে তিনি বিজেপির ‘ছদ্মবেশী খেলা’ বলে অভিহিত করেছেন।
সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতকে পাল্টা জবাব দিতে কলকাতাকে টার্গেট করার যে হুমকি দিয়েছিলেন, তা নিয়ে এদিন সরব হন মমতা। প্রধানমন্ত্রীর নীরবতাকে কটাক্ষ করে তিনি বলেন, “পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে টার্গেট করার কথা বলছেন, অথচ মোদী বাবু বাংলায় এসেও একটি শব্দ খরচ করলেন না। কেন বললেন না যে কড়া ব্যবস্থা নেওয়া হবে? তবে কি পাকিস্তানের সঙ্গে কোনও সেটিং আছে?” এর জবাব না দিতে পারলে প্রধানমন্ত্রীর ইস্তফাও দাবি করেন তিনি।
রাজ্য ও দেশের নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না বলে সাফ জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের প্রকাশ্য হুমকির পরেও কেন কেন্দ্র তদন্তের নির্দেশ দিচ্ছে না। একইসঙ্গে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি ও ইভিএম কারচুপির আশঙ্কা নিয়ে সরব হয়ে তিনি দাবি করেন, বিজেপি রাজনৈতিকভাবে হার নিশ্চিত জেনেই এখন বিভাজনের রাজনীতিতে মদত দিচ্ছে। নদিয়ার এই সভা থেকে মমতার এই ‘ব্লু প্রিন্ট’ তত্ত্ব বর্তমানে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।