বাংলার ভোটে উত্তরপ্রদেশের ‘সিংহম’-এর গর্জন! পুলিশ কর্তার ভাইরাল ভিডিও ঘিরে তৃণমূলের পাল্টা হুঁশিয়ারি

ভোটের দায়িত্বে উত্তরপ্রদেশ থেকে বাংলায় পা রেখেই নিজের মেজাজ দেখাতে শুরু করেছেন পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার দায়িত্বে থাকা এই আইপিএস অফিসারের একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যেখানে তাঁকে ফলতার তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো ‘ধমক’ ও ‘হুঁশিয়ারি’ দিতে দেখা যাচ্ছে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই উত্তরপ্রদেশের এই পুলিশ কর্তার বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
ভাইরাল ভিডিওতে কী বলছেন পুলিশ কর্তা?
সোমবার বিকেলে প্রকাশ্যে আসা ওই ভাইরাল ভিডিওতে (যার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি) দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী পরিবৃত হয়ে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন অজয় পাল শর্মা। স্থানীয়দের উদ্দেশে কড়া ভাষায় তিনি বলছেন, “কেউ কোনও বদমায়েশি করলে, তাদের ঠিকঠাক দাওয়াই দেওয়া হবে। যদি কোনও জায়গা থেকে খবর আসে যে কেউ গোলমাল পাকানোর বা কাউকে বিরক্ত করার চেষ্টা করছেন, তাহলে আমরা ভালোভাবে তাঁর খবর নেব।”
এরপরই প্রার্থীর পরিবারের সদস্যদের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “জাহাঙ্গিরের বাড়ির লোকেরাও এখানে দাঁড়িয়ে আছেন। তাঁকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। বারবার খবর আসছে যে তাঁর লোকেরা হুমকি দিচ্ছেন। এমন হলে ভালো করে খবর নেব। তার পরে কান্নাকাটি করা বা পস্তানো যাবে না।”
পুলিশ কর্তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তৃণমূলের
উত্তরপ্রদেশে ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ বা ‘সিংহম’ হিসেবে পরিচিত এই পুলিশ কর্তার ভিডিও প্রকাশ্যে আসতেই পাল্টা তোপ দেগেছে তৃণমূল। সাংবাদিক বৈঠক করে শাসকদলের তরফে অভিযোগ করা হয়, অজয় পাল শর্মা নিরীহ মানুষদের চমকাচ্ছেন এবং রাতের অন্ধকারে তল্লাশির নামে বাড়িতে ঢুকে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছেন।
পাশাপাশি, তাঁর অতীতের কিছু বিতর্কিত দিক তুলে ধরে তৃণমূল দাবি করেছে, ২০২০ সালের মার্চ মাসে এই অফিসারের বিরুদ্ধে দুর্নীতি এবং প্রতারণার জোড়া তদন্ত শুরু হয়েছিল। তৃণমূলের অভিযোগ, এক মহিলার বিশ্বাস অর্জন করে এবং নিজের অন্য সম্পর্কের কথা লুকিয়ে তাঁকে বিয়ে করে প্রতারণা করেছিলেন তিনি। পরে ওই মহিলা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছে নালিশ জানালে তাঁকেই মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয় বলে দাবি শাসকদলের।
‘ঘেঁটি ধরে এ রাজ্যের আদালতে আনব’, চরম হুঁশিয়ারি
সাংবাদিক বৈঠক থেকে ওই পুলিশ পর্যবেক্ষককে সরাসরি চরম হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। দলের তরফে স্পষ্ট ভাষায় বলা হয়, “আপনি যদি মনে করেন ৪ মে-র পর নির্বাচন মিটে গেলে নিজের রাজ্যে ফিরে গিয়ে বেঁচে যাবেন, তাহলে ভুল করছেন। আমাদের নজর আপনার উপরে আছে। আপনি যে রাজ্যেই চলে যান বা যে বিজেপি নেতার হাতই আপনার মাথার ওপর থাকুক না কেন, আপনার নামে এফআইআর হবে। চার্জশিট দেওয়া হবে। আপনাকে ঘেঁটি ধরে এই রাজ্যের আদালতে নিয়ে আসা হবে এবং আইনের কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতিবেদক: স্বাধীন মানব দাস।