চন্দ্রনাথ রথ খুনে সিবিআই তদন্তের দাবি তৃণমূলের, বিজেপির দিকে পাল্টা আঙুল তুলে সরব ঘাসফুল শিবির

চন্দ্রনাথ রথ খুনে সিবিআই তদন্তের দাবি তৃণমূলের, বিজেপির দিকে পাল্টা আঙুল তুলে সরব ঘাসফুল শিবির

মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের নির্মম হত্যাকাণ্ডের পর রাজ্য রাজনীতিতে দোষারোপ ও পাল্টা দোষারোপের পালা তুঙ্গে। এই চাঞ্চল্যকর ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিজেপি যেখানে এই খুনের পিছনে তৃণমূলের হাত দেখছে, সেখানে ঘাসফুল শিবির পাল্টা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তুলে আদালতের নজরদারিতে সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছে।

তৃণমূলের প্রতিক্রিয়া ও পাল্টি চাল

বুধবার রাতে এই হত্যাকাণ্ডের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে:

‘আমরা মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে গত তিন দিনে আদর্শ আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আমাদের তিনজন কর্মীর খুনের ঘটনারও তীব্র প্রতিবাদ করছি। আমরা আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত চিহ্নিত করার দাবি জানাচ্ছি।’

রাজনীতিতে বৃত্তপূরণ: ফের সিবিআই-এর শরণে তৃণমূল

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের এই সিবিআই তদন্তের দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাম আমল থেকে শুরু করে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বড় ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলতেন। তবে ক্ষমতায় আসার পর গত ১৫ বছরে তাঁর সরকারকে একাধিকবার সিবিআই তদন্তের বিরোধিতা করতে দেখা গিয়েছে। ২০২৬-এর নির্বাচনে হারের পর ফের একবার সেই পুরনো মেজাজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর আস্থা প্রকাশ করে তৃণমূল আসলে নিজেদের ওপর থেকে সন্দেহের তির সরিয়ে নিতে চাইছে বলেই মনে করা হচ্ছে।

হিংসা ও গণতন্ত্র নিয়ে বার্তা

বিবৃতিতে তৃণমূল আরও স্পষ্ট করেছে যে, গণতন্ত্রে রাজনৈতিক খুনের কোনও জায়গা নেই। তারা দাবি করেছে, বিজেপি তৃণমূলের ওপর দায় চাপিয়ে আসলে নিজেদের করা হিংসা আড়াল করতে চাইছে। একদিকে বিজেপির জয় এবং অন্যদিকে নতুন সরকারের শপথের ঠিক আগে এই হাই-প্রোফাইল খুনের ঘটনাকে ঘিরে এখন রাজ্য ও জাতীয় রাজনীতি উত্তাল। পুলিশ ও গোয়েন্দারা তদন্ত শুরু করলেও, তৃণমূলের সিবিআই তদন্তের দাবি এই ইস্যুকে আইনি পথে আরও দীর্ঘস্থায়ী করবে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *