দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, নবান্নে প্রথম বৈঠকেই কড়া দাওয়াই মুখ্যমন্ত্রী শুভেন্দুর

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, নবান্নে প্রথম বৈঠকেই কড়া দাওয়াই মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকেই একাধিক কড়া পদক্ষেপের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে আয়োজিত এই বৈঠক থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে চলেছে তার সরকার। বিশেষ করে পূর্বতন সরকারের আমলে আটকে থাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলাগুলোতে দ্রুত ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা ও সিবিআইকে ছাড়পত্র

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সিবিআই-এর হাতে থাকা চারটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রক্রিয়া পূর্বতন সরকারের অসহযোগিতার কারণে থমকে ছিল। অভিযুক্ত দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট পেশ বা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যে প্রশাসনিক অনুমতি প্রয়োজন হয়, তা এতদিন আটকে রাখা হয়েছিল। আজ মুখ্যমন্ত্রী তিনটি দফতরের আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই-কে সেই প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপের প্রভাব দেখতে পাবেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে আমরা বদ্ধপরিকর।”

কৃষকদের স্বস্তি ও অবৈধ কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

কৃষকদের স্বার্থ রক্ষায় মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন। এখন থেকে আন্তঃরাজ্য সীমান্তে কৃষিজ ও প্রাণীজ পণ্য পরিবহণে আর কোনও বাধা থাকবে না। কৃষকদের কোনওভাবেই হয়রানি করা যাবে না বলে তিনি কড়া নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি, তিলজলার অবৈধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুরসভা ও বিদ্যুৎ সচিবকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল কারখানার বৈধ বিল্ডিং প্ল্যান নেই, সেগুলোর বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিলজলা কান্ডে ইতিমধ‍্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আগামী ক্যাবিনেট বৈঠকে এই বিষয়ে আরও বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *