জলসীমান্তের নিরাপত্তায় গার্ডেনরিচের নয়া যুদ্ধজাহাজ ‘সংঘমিত্রা’!

দেশীয় প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। বুধবার কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (জিআরএসই) ইয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হলো অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘সংঘমিত্রা’। ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ অফ নাভাল স্টাফ তথা ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়নের উপস্থিতিতে এই জাহাজের উদ্বোধন করেন তাঁর স্ত্রী সরিতা বৎসায়ন। এক বছরে রেকর্ড সংখ্যক আটটি জাহাজ সরবরাহ করার পর নতুন এই যুদ্ধজাহাজটির উদ্বোধন জিআরএসই-এর সাফল্যের মুকুটে এক অনন্য পালক যোগ করল।
প্রযুক্তি ও বহুমুখী সক্ষমতা
‘সংঘমিত্রা’ কেবল একটি সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি উপকূলীয় জলভাগে যেকোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। অফশোর বা সমুদ্রবক্ষস্থ জাতীয় সম্পদ রক্ষা এবং বড় মাপের সামরিক অপারেশন পরিচালনা করার জন্য বিশেষ সক্ষমতা রয়েছে এই জাহাজের। জলসীমান্তে সার্বক্ষণিক নজরদারি চালানোর পাশাপাশি এটি ‘আউট অফ এরিয়া’ কন্টিনজেন্সি অপারেশন, অসামরিক নাগরিকদের উদ্ধারকার্য এবং কনভয় অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, সমুদ্রপথে জলদস্যুতা রোধ ও শত্রুপক্ষের অনুপ্রবেশ ঠেকাতেও এটি অত্যন্ত কার্যকর।
নিরাপত্তায় প্রভাব ও কৌশলগত গুরুত্ব
এই যুদ্ধজাহাজটি নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে ভারতের জলসীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও নিটোল ও আঁটসাঁট হবে। বিশেষ করে সমুদ্রপথে চোরাচালান ও বেআইনি চোরাশিকার রুখতে এর আধুনিক ট্র্যাকিং ব্যবস্থা বড়সড় ভূমিকা নেবে। অতীতে মরিশাসে ভারতের প্রথম যুদ্ধজাহাজ রপ্তানি করে আন্তর্জাতিক স্তরে সাড়া ফেলা গার্ডেনরিচ একই দিনে পি১৭এ স্টেলথ ফ্রিগেট, বৃহৎ জরিপ জাহাজ এবং ডুবোজাহাজ তৈরির যে নজির গড়েছে, ‘সংঘমিত্রা’র আত্মপ্রকাশ সেই ধারাবাহিকতাকেই আরও শক্তিশালী করল। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভূ-কৌশলগত আধিপত্য বজায় রাখতে এই যুদ্ধজাহাজ আগামী দিনে নৌবাহিনীর শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে।