বিদেশ সফর সেরেই আজ জরুরি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী, হতে পারে বড়সড় রদবদল

বিদেশ সফর শেষ করে দেশে ফিরতেই এক মুহূর্ত সময় নষ্ট না করে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, বৃহস্পতিবারই অনুষ্ঠিত হতে চলেছে এই উচ্চপর্যায়ের বৈঠক। যেখানে প্রধানমন্ত্রী ছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীসহ মন্ত্রিসভার সকল সদস্য উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর এই আকস্মিক বৈঠককে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে ক্যাবিনেটে বড় ধরনের কোনো রদবদল বা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।
নজরে রাজনৈতিক সমীকরণ ও রাজ্যভিত্তিক কৌশল
রাজনৈতিক সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে পুদুচেরিতে পুনরায় এনডিএ সরকার গঠন এবং পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্য এই বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে। নির্বাচনী সাফল্যের ওপর ভিত্তি করে আগামী দিনে এই রাজ্যগুলোতে সরকারের কর্মসূচি এবং দলের রণকৌশল কী হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ রূপরেখা তৈরি করতে পারেন মোদী। পাশাপাশি, বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বরাদ্দ ও সংস্কারমূলক কাজকর্মের পর্যালোচনাও হবে এই বৈঠকে।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক প্রভাব
বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা হতে চলেছে বর্তমান পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং ভারতের ওপর তার সম্ভাব্য প্রভাব। আন্তর্জাতিক এই সংকটের কারণে ভারতের অর্থনীতি, জ্বালানি তেল, কৃষি, লজিস্টিক এবং বিমান ও নৌ পরিবহন ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে পারে এবং তা মোকাবিলায় কী করণীয়, সে বিষয়ে বিভাগীয় মন্ত্রকগুলোকে বিশেষ নির্দেশ দিতে পারেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের সাধারণ নাগরিকদের পরিষেবা যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করার বিষয়টিও আজ গুরুত্ব সহকারে আলোচিত হতে পারে।