বিজেপির নামে টাকা তোলার চেষ্টা করলেই সোজা পুলিশে যান! ‘তৎকাল বিজেপি’দের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

সংবাদদাতা, আলিপুরদুয়ার: রাজ্যে ক্ষমতা বদলের পর বিজেপির নাম ভাঙিয়ে জেলার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে টাকা তোলার চেষ্টা চলছে বলে গুরুতর অভিযোগ উঠল। এই পরিস্থিতিতে দলের নাম করে কেউ টাকা তোলার চেষ্টা করলেই জেলাবাসীকে তৎক্ষণাৎ থানায় গিয়ে পুলিশে অভিযোগ জানানোর নিদান দিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস। রবিবার আলিপুরদুয়ার শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলাবাসীকে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
‘৪ তারিখের পর অনেকেই গেরুয়া হয়েছে’
গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর জেলা জুড়ে রাজনৈতিক দলবদলের হিড়িককে ইঙ্গিত করে মিঠু দাস বলেন, “৪ তারিখের পর অনেকেই রাতারাতি গেরুয়া হয়েছে। যারা কোনো দিন ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে নেয়নি, তারাই এখন বিজেপির নাম করে সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখাচ্ছে এবং মিথ্যা বলে টাকা তোলার চেষ্টা করছে।” এই ধরনের ‘তৎকাল বিজেপি’দের ভেকধারী সাজ থেকে সাধারণ মানুষ ও দলের নিষ্ঠাবান কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ, রেহাই পাবে না কেউই
বিজেপি সভাপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, দল এই ধরনের কোনো বেআইনি ও তোলাবাজির কাজকর্মকে বিন্দুমাত্র মান্যতা দেয় না। তিনি বলেন, “আমি জেলার সমস্ত ব্যবসায়ী, রিসর্ট, লজ ও ঠিকাদার সংস্থা সহ সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছি, বিজেপির নাম করে কেউ টাকা চাইলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান এবং আইনের সাহায্য নিন। এই সব বেআইনি কাজের ক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখা হবে না। পুলিশ ও প্রশাসনকে জানালেই তারা কড়া ব্যবস্থা নেবে।”
শিসামারা নদীবাঁধ দুর্নীতি তদন্ত ও পর্যটন উন্নয়নের বার্তা
তোলাবাজি রোখার পাশাপাশি এদিন শালকুমারের শিসামারা নদীবাঁধের ভাঙন ও সংস্কার নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন মিঠু দাস। তিনি অভিযোগ করেন, “গত বছর এই নদীবাঁধটি ভেঙেছিল। বিগত সরকারের আমলে সেখানে যে বাঁধ তৈরি হয়েছিল, তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির উৎস এবার খুঁজে বের করা হবে।” রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবার শিসামারায় নতুন করে মজবুত বাঁধ তৈরি হবে বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে, শিসামারা এলাকায় থাকা অজস্র রিসর্ট, হোমস্টে ও লজের পরিকাঠামোগত উন্নতি ঘটিয়ে ডুয়ার্সের পর্যটন ক্ষেত্রের বিকাশে নতুন সরকার দায়বদ্ধতার সঙ্গে কাজ করবে বলেও জানান বিজেপির জেলা সভাপতি।