ফলতায় গেরুয়া ঝড়, অভিষেকের পুর নোটিস নিয়ে এবার বুলডোজার হুঁশিয়ারি দিলীপের

ফলতায় গেরুয়া ঝড়, অভিষেকের পুর নোটিস নিয়ে এবার বুলডোজার হুঁশিয়ারি দিলীপের

ফলতা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। অন্যদিকে, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ফলতার এই ফলাফলকে রাজ্যের রাজনৈতিক সমীকরণের বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে যে কী ধরনের ফলাফল হতে পারে, ফলতার মানুষ তা প্রমাণ করে দিয়েছেন।

আইনের চোখে সবাই সমান

নির্বাচনী সাফল্যের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে কলকাতা পুরসভার পাঠানো নোটিস নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। আজই সেই নোটিসের সময়সীমা শেষ হচ্ছে। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবাদমাধ্যমের সামনে মন্তব্য না করে আইনি পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি। দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান যে আইন সবার জন্য সমান এবং ‘বুলডোজার’ সব জায়গায় পৌঁছতে পারে। এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন যে বেআইনি নির্মাণ বা দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে প্রশাসন পিছপা হবে না।

সুর নরম না সময় নেওয়ার কৌশল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের একাংশের অবৈধ নির্মাণ এবং সম্পত্তির পুনর্মূল্যায়ন নিয়ে কলকাতা পুরসভা এই নোটিস পাঠিয়েছিল। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অবৈধ অংশটি নির্দিষ্ট করে দেখানোর কথা বলেছিলেন। তবে নোটিসের সময়সীমা শেষ হওয়ার আগেই গতকাল রবিবার নিজের আইনজীবীর মাধ্যমে কলকাতা পুরনিগমকে একটি চিঠি পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের এই সাংসদ। আইনি জটিলতা এড়াতে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে জবাব দেওয়ার জন্য পুর কর্তৃপক্ষের কাছে আরও ১০ দিন সময় চেয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, আচমকা এই সময় চাওয়ার পদক্ষেপের নেপথ্যে আইনি কৌশল যেমন রয়েছে, তেমনই ফলতার হারের পর রাজনৈতিক চাপ সামলানোর চেষ্টাও কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *