বাড়িতে সোলার প্যানেল বসানোর খরচ আজ থেকেই বাড়ছে, কেন্দ্রের নতুন নিয়মে বড় ধাক্কা আমজনতার

দেশের বিকল্প শক্তি ক্ষেত্রে এক বড়সড় পরিবর্তনের সূচনা হলো আজ, ১ জুন থেকে। আপনি যদি আপনার বাড়ির ছাদ কিংবা ফাঁকা জায়গায় সোলার প্যানেল বসানোর কথা ভেবে থাকেন, তবে এখন থেকে পকেটের টান কিছুটা বেশিই পড়তে চলেছে। নেট মিটারিং এবং ওপেন অ্যাক্সেস ব্যবস্থার অধীনে থাকা সোলার প্রজেক্টগুলোর জন্য কেন্দ্র সরকার এক নতুন নিয়ম জারি করেছে। এর ফলে দেশজুড়ে সোলার প্যানেল স্থাপনের খরচ এক ধাক্কায় বেশ কিছুটা বেড়ে গেল।
নতুন এই নিয়মে বলা হয়েছে, এবার থেকে সমস্ত সোলার প্রজেক্টে বাধ্যতামূলকভাবে শুধুমাত্র ভারতে তৈরি ‘সোলার সেল’ ব্যবহার করতে হবে। সরকারের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো ভারতের অভ্যন্তরীণ সোলার ম্যানুফাকচারিং বা উৎপাদন ব্যবসাকে আরও শক্তিশালী করা। এতদিন পর্যন্ত এই খাতের সিংহভাগ সোলার প্যানেল ও সেল বিদেশ থেকে, বিশেষ করে চীন থেকে আমদানি করা হতো। কেন্দ্রের এই কঠোর পদক্ষেপের ফলে আমদানির ওপর নির্ভরশীলতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
গ্রাহক ও উৎপাদনকারীদের ওপর বাড়তি চাপ
দেশীয় শিল্পকে চাঙ্গা করার এই মহৎ উদ্দেশ্যের উল্টো পিঠে রয়েছে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের আর্থিক চাপ। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের মতে, আগে যেসব কো ম্পা নি বিদেশ থেকে সোলার সেল আমদানি করত, তাদের ওপর এখন উৎপাদন খরচ বজায় রাখার বড় চ্যালেঞ্জ আসবে। নতুন নিয়মের জেরে সোলার প্যানেল ইন্সটল করার খরচ প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের প্রাথমিক খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সব ক্ষেত্রেই কার্যকর হচ্ছে কড়া নিয়ম
এই নতুন নিয়মটি শুধুমাত্র ব্যক্তিগত বা আবাসিক সোলার প্যানেলের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না। সরকারের জনপ্রিয় প্রকল্প ‘পিএম সূর্য ঘর: বিনামূল্য বিদ্যুৎ যোজনা’-র আওতায় যে সোলার প্যানেলগুলো দেওয়া হবে, সেগুলোতেও দেশীয় সেল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত সোলার প্যানেলের ওপরেও একই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ, এখন থেকে ছোট-বড় সব ধরনের সোলার প্রজেক্টের জন্যই সরকার স্বীকৃত ভারতীয় ম্যানুফাকচারার বা প্রস্তুতকারকদের কাছ থেকেই প্যানেলের সেল কিনতে হবে।