ভারতের আকাশে গোয়েন্দা নজরদারি! ১৬ মাসেই ছয় স্যাটেলাইট পাঠাল পাকিস্তান

ভারতের আকাশে গোয়েন্দা নজরদারি! ১৬ মাসেই ছয় স্যাটেলাইট পাঠাল পাকিস্তান

ভারতের ওপর দিয়ে নিরন্তর নজরদারি চালানোর লক্ষ্যে পাকিস্তান মহাকাশে একের পর এক উপগ্রহ পাঠাচ্ছে বলে অভিযোগ। গত বছরের জানুয়ারি মাস থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মাত্র ১৬ মাসের ব্যবধানে ইসলামাবাদ অন্তত ছয়টি আর্থ-অবজারভেশন স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, অত্যন্ত উন্নতমানের এই নজরদারি উপগ্রহগুলি পাকিস্তানের মহাকাশ সংস্থা ‘সুপারকো’-র মাধ্যমে নয়, বরং চিনের প্রত্যক্ষ কারিগরি সহায়তায় উৎক্ষেপণ করা হয়েছে।

কাশ্মীর থেকে সমুদ্রপথ, সর্বত্রই পাক-দৃষ্টি

পাকিস্তানের পাঠানো এই উপগ্রহগুলিকে এমন একটি ‘সান-সিনক্রোনাস’ কক্ষপথে স্থাপন করা হয়েছে, যা কোনো নির্দিষ্ট এলাকার ওপর নজর রাখার জন্য আদর্শ। মার্কিন সংস্থা ‘কমস্পক’-এর তথ্য অনুযায়ী, এই স্যাটেলাইটগুলি নিয়মিত ২০ থেকে ৪০ ডিগ্রি উত্তর অক্ষাংশের ওপর দিয়ে যাতায়াত করে, যার মধ্যে কাশ্মীরসহ ভারতের বিস্তীর্ণ অঞ্চল পড়ে। শুধুমাত্র স্থলভাগের সামরিক গতিবিধি নয়, ভারতের জলসীমা এবং পণ্যবাহী জাহাজের মুভমেন্টের ওপরও এই স্যাটেলাইটগুলি দিয়ে কড়া নজর রাখা হচ্ছে বলে মনে করা হচ্ছে। সামরিক সম্পদ লুকিয়ে রাখার প্রথাগত পদ্ধতিগুলোও এই শক্তিশালী উপগ্রহের নজর এড়াতে পারবে না বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

প্রযুক্তিগত উৎকর্ষের আড়ালে সামরিক অভিসন্ধি

পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই উপগ্রহগুলি কৃষি উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেলি-যোগাযোগের উদ্দেশ্যে পাঠানোর দাবি করলেও, বিশেষজ্ঞরা একে নিছক বৈজ্ঞানিক উদ্যোগ বলে মানতে নারাজ। স্বল্প সময়ে ধারাবাহিকভাবে এতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলেই মনে করা হচ্ছে। ভারতের প্রাক্তন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, শত্রুপক্ষের এই নজরদারি ক্ষমতা ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মোকাবিলায় ভারতের প্রতিরক্ষা কৌশল এবং মহাকাশ নজরদারি ব্যবস্থাকে আরও সতর্ক ও আধুনিক করার প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *