দেশে ফের ‘নিপা’ হানা! লালারসের রিপোর্টে মিলল ভাইরাসের হদিশ, জারি হাই-অ্যালার্ট
তিরুবনন্তপুরম: করোনা-আতঙ্কের রেশ কাটতে না কাটতেই দেশে ফের থাবা বসাল মারাত্মক ‘নিপা ভাইরাস’ (Nipah Virus)। কেরালার কোঝিকোডের ফেরোকে এলাকার এক ব্যক্তির প্রাথমিক পরীক্ষার রিপোর্টে নিপা ভাইরাসের উপস্থিতি মেলায় দেশজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে কোঝিকোড সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। তবে চূড়ান্ত নিশ্চিত হওয়ার জন্য পুনের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি’ (NIV)-র ফাইনাল রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে, যা আজ বৃহস্পতিবারই আসার কথা রয়েছে।
এই খবর সামনে আসতেই কেরালা জুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তি প্রথমে একটি বেসরকারি হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেখানে তিনি দীর্ঘক্ষণ থাকায় এবং হাসপাতালের বিভিন্ন বিভাগে ঘোরাঘুরি করায় বহু মানুষ তাঁর সংস্পর্শে এসেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, কোনো পুরোনো গুদাম ঘর পরিষ্কার করার সময়ই ওই ব্যক্তি ভাইরাসের সংস্পর্শে আসেন। তবে সংক্রমণের আসল উৎস এখনও স্পষ্ট নয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজই কোঝিকোডে একটি জরুরি মেডিক্যাল বোর্ডের বৈঠক ডাকা হয়েছে। পাশাপাশি জেলাশাসকের নেতৃত্বে একটি পর্যালোচনা বৈঠক হবে, যেখানে আক্রান্ত এলাকাকে ‘কন্টেনমেন্ট জোন’ ঘোষণা করা এবং কড়া বিধিনিষেধ জারি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করা শুরু হয়েছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে মুরলীধরণ জানিয়েছেন, রোগী অনেকের সংস্পর্শে এলেও এই মুহূর্তে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে আগাম সতর্কতা হিসেবে হাসপাতালের সন্দেহভাজন কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আজ তিরুবনন্তপুরমে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরেও একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।