জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে বড় পদক্ষেপ! হাওড়া শহর থেকে এবার সব খাটাল তোলার মেগা সিদ্ধান্ত পুরসভার

জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে বড় পদক্ষেপ! হাওড়া শহর থেকে এবার সব খাটাল তোলার মেগা সিদ্ধান্ত পুরসভার

হাওড়া: বর্ষার মুখে শহরের জলযন্ত্রণা রুখতে এবার কোমর বেঁধে ময়দানে নামল হাওড়া পুরসভা। খাটালের গোবর এবং বর্জ্য জমে শহরের নিকাশি নালাগুলি বুজে যাচ্ছে, যার জেরে সামান্য বৃষ্টিতেই ভাসছে রাস্তাঘাট। এই চেনা ভোগান্তি দূর করতে এবার হাওড়া শহর থেকে সমস্ত খাটাল ধাপে ধাপে তুলে দেওয়ার বড়সড় সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ।

পুরসভা সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা খাটালগুলিকে প্রথমে চিহ্নিত করা হবে। এর জন্য দ্রুত একটি সমীক্ষা চালানো হচ্ছে। উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উমেশ রায় জানিয়েছেন, সম্প্রতি হাওড়া শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে হওয়া একটি উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, শহরে আর কোনও খাটাল রাখা হবে না। সমীক্ষার পর খাটাল মালিকদের নোটিশ দেওয়া হবে। তাঁরা নিজেরা খাটাল না সরালে প্রশাসন কঠোর পদক্ষেপ করে সেগুলি উচ্ছেদ করবে।

পুর আধিকারিকদের দাবি, হাওড়া শহরে কয়েকশো খাটাল রয়েছে। সেখানে থাকা গবাদি পশুর গোবর ও বর্জ্য সরাসরি নর্দমায় গিয়ে পড়ার ফলে জলের স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্ষায় এই সমস্যা আরও ভয়ংকর রূপ নেয়। পুরসভার এই কড়া পদক্ষেপে স্বভাবতই খুশি সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নর্দমা পরিষ্কার করার কয়েকদিনের মধ্যেই খাটালের নোংরায় তা আবার বুজে যায়।

যদিও খাটাল মালিকদের একাংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁদের দাবি, তাঁরা বহু বছর ধরে এই ব্যবসা করছেন এবং খাটালের গোবর থেকে জ্বালানি তৈরি হয়, তাই শুধু খাটালের জন্যই নর্দমা বুজছে—এই অভিযোগ পুরোপুরি ঠিক নয়। তবে প্রশাসন যে এবার খাটাল উচ্ছেদে অনড়, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *