ফের কালো হাফ প্যান্টে রাস্তায় ‘ডন’ জাহাঙ্গীর! গণধোলাইয়ের ভয়ে হাতজোড় করে চাইলেন ক্ষমা

ডায়মন্ড হারবার: ফলতার ত্রাস জাহাঙ্গীর খানের অহংকার এবার এক্কেবারে মাটিতে মিশে গেল। গতকালের পর আজ আবারও তাঁকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ। তবে গতকাল সাদা টি-শার্ট ও কালো হাফ প্যান্ট থাকলেও, আজ তাঁর পরনে ছিল কুচকুচে কালো জামা আর হাফ প্যান্ট।
গাজরামপুরের রাস্তায় পুলিশ যখন জাহাঙ্গীরকে নিয়ে হাঁটছিল, তখন চারিদিক থেকে সাধারণ মানুষ ছুটে আসেন। একসময়ের দাপুটে এই নেতার এমন দশা দেখে পথচলতি মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং তাঁকে লক্ষ্য করে একের পর এক তীব্র কটূক্তি ও প্রশ্ন ছুঁড়তে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এবং জনতা যেকোনো মুহূর্তে চড়াও হতে পারে বুঝে রীতিমতো ভয়ে কেঁপে ওঠেন জাহাঙ্গীর।
উত্তেজিত জনতাকে শান্ত করতে এবং গণধোলাইয়ের হাত থেকে বাঁচতে শেষমেশ হাতজোড় করতে বাধ্য হন তিনি। প্রকাশ্য রাস্তায় হাত নেড়ে ও হাতজোড় করে সবার কাছে ক্ষমা চাইতে দেখা যায় এই ‘বাহুবলী’কে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ফলতা জুড়ে এখন তুমুল চাঞ্চল্য ও শোরগোল পড়ে গেছে।